যুদ্ধের দাবানলে যখন জ্বলছে পশ্চিম এশিয়া, তখন বিশ্ব রাজনীতিতে নিজের দাপট বুঝিয়ে দিল ভারত। ইজরায়েল-ইরান সংঘাতের আবহে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাত্র ৩৩ কিলোমিটারের হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল তেহরান। আমেরিকা ও ইজরায়েলের রক্তচক্ষুকে বুড়ো আঙুল দেখিয়ে সেই রুদ্ধদ্বার জলপথই এবার ভারতের জন্য খুলে দিল ইরান।
জানা গেছে, আজ সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর সরাসরি কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচির সঙ্গে। সেই আলোচনার পরেই জট খুলে গেলো। এরফলে ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কারগুলিকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এতদিন ইরানের নিষেধাজ্ঞার জালে আটকা পড়েছিল ভারতীয় পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘পুষ্পক’ এবং ‘পরিমাল’। জয়শঙ্করের হস্তক্ষেপে এই দুই জাহাজকে বিশেষ ‘সেফ করিডোর’ দিয়ে নিরাপদ চলাচলের অনুমতি দিয়েছে ইরান।
