সাধারণ মানুষের সুবিধার্থে জ্বালানি সরবরাহে বড়সড় বদল আনল কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক। রান্নার গ্যাসের (LPG) আকাশছোঁয়া দাম এবং জোগানে টান পড়ার আশঙ্কায় এবার বিকল্প জ্বালানি হিসেবে কেরোসিনকে সাধারণের হাতের নাগালে পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রকের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে দেশের নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন তেল।
মূলত রান্নার গ্যাসের জোগান নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া অনিশ্চয়তার আবহে মধ্যবিত্তের রান্নাঘর সচল রাখতেই এই বড় পদক্ষেপ নেওয়া হয়েছে।
জানা গিয়েছে, ইন্ডিয়ান অয়েল (IOCL), ভারত পেট্রোলিয়াম (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়ামের (HPCL) মতো সরকারি তেল সংস্থাগুলিকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিটি জেলায় নির্দিষ্ট কিছু পেট্রোল পাম্প চিহ্নিত করা হবে যেখানে কেরোসিন মজুত রাখা হবে। ওই পাম্পগুলোতে সর্বোচ্চ ৫,০০০ লিটার পর্যন্ত কেরোসিন রাখার অনুমতি দেওয়া হয়েছে।
বিশেষ করে দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, চণ্ডীগড়, পুদুচেরি, দমন ও দিউ, দাদরা ও নগর হাভেলি, আন্দামান ও নিকোবর, লাক্ষাদ্বীপ এবং তেলেঙ্গানার মতো ২১টি রাজ্যকে কেরোসিন-মুক্ত (kerosene-free) ঘোষণা করা হয়েছিল। অর্থাৎ, সেখানে ঘরে ঘরে রান্নার গ্যাস পৌঁছে যাওয়ায় রেশন দোকানে কেরোসিন দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকার। কিন্তু বর্তমান পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই রাজ্যগুলোতেও আগামী ৬০ দিনের জন্য সাময়িকভাবে পেট্রোল পাম্পের মাধ্যমে কেরোসিন দেওয়া হবে। তবে এই বিশেষ তালিকায় নাম নেই পশ্চিমবঙ্গের। ফলে এ রাজ্যে আগের মতোই কেরোসিন সরবরাহ করতে হবে।
