কলকাতা: শনিবার ধর্মতলার ধর্নামঞ্চ থেকে ফের বিজেপি-র বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ফেসবুক লাইভ ও ধর্না কর্মসূচি থেকে তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে নাম বাদ দিয়ে বাংলা ও বিহারকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার গভীর ষড়যন্ত্র চলছে। শনিবার ধর্মতলায় বাংলা-বিরোধী কেন্দ্রীয় সরকারের SIR-এর মাধ্যমে গণতন্ত্র হত্যার প্রতিবাদে ও বাংলার বৈধ নাগরিকদের ভোটাধিকার হরণের চক্রান্তের বিরুদ্ধে চলমান ধর্নামঞ্চ থেকে এক লাইভ সম্প্রচারে মুখ্যমন্ত্রী এই অভিযোগ করেন।
এছাড়াও মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, বিজেপি সুকৌশলে বাংলায় বিভাজনের রাজনীতি করছে। ভোটার তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়া সেই ষড়যন্ত্রের অংশ। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “বাংলা লড়াই করতে জানে। সাহস থাকলে একবার বাংলায় হাত দিয়ে দেখাক।” এবং এদিন বিজেপিকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী আরো বলেন, বিজেপির এই চক্রান্ত ব্যর্থ হবে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দেন, বিজেপি যদি বেশি বাড়াবাড়ি করে তবে দিল্লির সরকার ফেলে দিতেও পিছপা হবেন না তিনি।
প্রসঙ্গত, মমতা এদিন সদ্য প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস-এর ইস্তফা ও ২০ মাস আগেই তাঁর সরে যাওয়া নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় ও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ দাগেন, বিজেপি সাংবিধানিক প্রধানদের মেয়াদের আগেই সরিয়ে দিয়ে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করতে চাইছে।
এই রাজনৈতিক টানাপোড়েনের মাঝেও এদিন সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর শোনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, আজ ৭ মার্চ থেকেই রাজ্যের ২১- ৪০ বছরের বেকার যুবতী আবেদনকারীদের অ্যাকাউন্টে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা পাঠানো হবে।
