একুশের বিধানসভা নির্বাচনের আবহে শাসক দল তৃণমূলের নজর উত্তরবঙ্গে। এবার উত্তরবঙ্গে নিজেদের রাজনৈতিক জমি শক্ত করতে বড় পদক্ষেপ নিল তৃণমূল। এদিন শুক্রবার তৃণমূল ভবনে আনুষ্ঠানিকভাবে শাসকদলে যোগ দিলেন জাকার্তা এশিয়ান গেমসে হেপ্টাথলনে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মণ। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও এদিনের এই যোগদানের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।
উল্লেখ্য, ২০১৮ সালে জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান গেমস এ হেপ্টাথলনে সোনা জিতে দেশকে গর্বিত করেছিলেন স্বপ্না বর্মন। যদি পরে অর্জুনা পুরস্কার পান। জলপাইগুড়ি জেলার মেয়ে হিসেবে উত্তরবঙ্গ জুড়ে তাঁর জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। সেই প্রভাবই এবার রাজনৈতিক ময়দানে কাজে লাগাতে শাসক দলে যোগ দিলেন বলে বিভিন্ন মহলে গুঞ্জন উঠেছে।
আজ যোগদান অনুষ্ঠানে তৃণমূল ভবন থেকে স্বপ্না বলেন ”মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং সাধারণ মানুষের জন্য তাঁর কাজ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। দিদি যা বলেন, তা করে দেখান। বাংলার সামগ্রিক উন্নয়ন তথা বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন সত্যিই চোখে পড়ার মতো। সেই উন্নয়নের অংশীদার হতেই আমার এই পথ চলা।”
এদিন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু স্বপ্নাকে স্বাগত জানিয়ে বলেন, “স্বপ্না বর্মণের মতো একজন কৃতী অ্যাথলিটকে দলে পেয়ে আমরা গর্বিত। আমির খানের ‘দঙ্গাল’ কিংবা ‘চক দে ইন্ডিয়া’-র মতো সিনেমায় যা দেখা যায়, স্বপ্না তাঁর জীবনের লড়াই দিয়ে বাস্তবে তা করে দেখিয়েছেন।”
উল্লেখযোগ্য, এবার উত্তরবঙ্গের ডুয়ার্স ও রাজবংশী অধ্যুষিত এলাকায় নিজেদের প্রভাব বাড়াতে স্বপ্না বর্মণকে দলে নেওয়া তৃণমূলের একটি সুচিন্তিত কৌশল বলে মনে করছেন অনেকেই।

