রান্নার গ্যাস গ্রাহকদের জন্য নতুন নির্দেশ জারি করল কেন্দ্র। এবার থেকে গ্রামাঞ্চলের এলপিজি গ্রাহকদের একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী নতুন সিলিন্ডার বুক করতে হলে অপেক্ষা করতে হবে অন্তত ৪৫ দিন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে সম্প্রতি এই নতুন নিয়মের কথা জানানো হয়েছে।
এবার থেকে একটি সিলিন্ডার নেওয়ার পর পরবর্তী বুকিংয়ের জন্য কমপক্ষে ৪৫ দিন অপেক্ষা করতে হবে। গ্রামাঞ্চলে জন্য এই নিয়ম হলেও শহরের গ্রাহকদের জন্য নিয়মে আপাতত কোনো পরিবর্তন করা হয়নি। শহরাঞ্চলে আগের মতোই ২৫ দিন অন্তর গ্যাস বুকিং করার সুবিধা বহাল রয়েছে। জানা গেছে, গত রাত থেকেই সারা দেশে এই নতুন নির্দেশিকা কার্যকর করা হয়েছে ।
কেন্দ্রের তরফে জানিয়েছে, একশ্রেণির গ্রাহক অস্বাভাবিকভাবে ১৫ দিন অন্তর গ্যাস সিলিন্ডার বুকিং করছেন, যেখানে আগে গড়ে ৫৫ দিন লাগত। এই কালোবাজারি ও মজুতদারি রুখতে গত দু’দিন আগেই ২১ দিনের সময়সীমা বাড়িয়ে ২৫ দিন করা হয়।
সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, শহরাঞ্চলের জন্য এই সময়সীমা ২৫ দিন রাখা হলেও, গ্রামীণ তথা গ্রামাঞ্চলের জন্য গ্যাস সিলিন্ডার ( LPG ) ক্ষেত্রে গ্যাপ বাড়িয়ে ৪৫ দিন করা হয়েছে। সরকারের এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো সাপ্লাই চেইন স্বাভাবিক রেখে সবাইকে প্রয়োজনীয় গ্যাস জোগান দিতেই এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে রান্নার গ্যাসের উৎপাদন ইতোমধ্যে ২৮ শতাংশ বাড়ানো হয়েছে এবং চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে এই সাময়িক কড়াকড়ি তুলে নেওয়া হবে।

