মুখ্যমন্ত্রীর স্পষ্ট নির্দেশ ও কঠোর বার্তার কয়েক ঘণ্টার মধ্যেই ধরা পড়ল ফলতার বিতর্কিত নেতা জাহাঙ্গির খানের স্ত্রী সারিনা বিবি। শনিবার সকালে ডায়মন্ড হারবার জেলা পুলিশের একটি বিশেষ দল গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। গত কয়েকদিন ধরে পুলিশের হাত থেকে স্বামীকে ছাড়িয়ে নেওয়ার জন্য থানায় তাণ্ডব ও সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে সারিনা বিবির নাম উঠে এসেছিল।
পুলিশ যখন জাহাঙ্গির খানকে হাফপ্যান্ট পরিয়ে কান ধরিয়ে রাস্তায় ঘোরাচ্ছিল, তখন তাঁর স্ত্রী দাবি করেন যে এটি মানবাধিকারের লঙ্ঘন এবং বেআইনি কাজ। এই অজুহাতে তিনি তাঁর একদল সমর্থক নিয়ে ফলতা থানায় চড়াও হন। অভিযোগ, সেই সময় থানায় ব্যাপক তাণ্ডব চালানো হয় এবং পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়। পরিস্থিতি সামাল দিতে সেবার কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছিল, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা যখন লাঠি উঁচিয়ে তাড়া করে, তখন হামলাকারীরা ভয় পেয়ে জান বাঁচাতে পাশের পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।
এই থানায় হামলার ঘটনায় পুলিশ আগেই ৮ জনকে গ্রেপ্তার করেছিল। কিন্তু যিনি এই গণ্ডগোল বাধিয়েছিলেন এবং লোকেদের উসকে দিয়েছিলেন, সেই মূল নেত্রী অর্থাৎ জাহাঙ্গির খানের স্ত্রী সারিনা বিবি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলেন। তাঁর বিরুদ্ধে বোমা-বারুদ ও অস্ত্র রাখার মতো অনেক বড় বড় ধারায় মামলা ছিল। অবশেষে আজ পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।
