বিদেশে গিয়ে আইন ভাঙার মাশুল যে কতটা চড়া হতে পারে, তার এক চরম উদাহরণ তৈরি হলো লন্ডনে। রাস্তার ওপর পানের পিক ফেলার অপরাধে দুই ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে রেকর্ড পরিমাণ জরিমানা করল লন্ডনের একটি আদালত। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় পৌনে দুই লক্ষ টাকা।
ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম লন্ডনের ব্রেন্ট (Brent) এলাকায়। স্থানীয় কাউন্সিল সূত্রে জানা গেছে, অক্ষিকুমার ভাদ্রে প্যাটেল (৩১) এবং হিতেশ প্যাটেল (৩২) নামে দুই ব্যক্তি কিংসবারি এবং ওয়েম্বলি হিল রোডের ফুটপাতে পানের লাল পিক ফেলেছিলেন। ব্রেন্ট কাউন্সিলের এনফোর্সমেন্ট অফিসাররা তাঁদের হাতেনাতে ধরে ফেলেন এবং নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা করে।
জানা গেছে, ওই দুই ব্যক্তিকে মাত্র ১০০ পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় ১১ হাজার টাকা) জরিমানা বা ‘ফিক্সড পেনাল্টি নোটিশ’ দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা সেই টাকা জমা দেননি। এমনকি বিষয়টি নিয়ে আদালতের শুনানিতেও তাঁরা উপস্থিত হননি। আইনের প্রতি এই অবহেলার কারণেই উইলসবডন ম্যাজিস্ট্রেট আদালত তাঁদের জরিমানার অঙ্ক বহুগুণ বাড়িয়ে দেয়।
আদালতের নির্দেশে এখন তাঁদের ভারতীয় মুদ্রায় প্রায় ১ লক্ষ ৭২ হাজার টাকা জরিমানা দিতে হবে। অর্থাৎ দু’জন মিলে মোট ৩ লক্ষ ৪৪ হাজার টাকারও বেশি দিতে হচ্ছে।
প্রসঙ্গত, ব্রেন্ট কাউন্সিল এর আগে শুধু পানের দাগ পরিষ্কার করার জন্য ৩০ হাজার পাউন্ড (প্রায় ৩০ লাখ টাকা) খরচ করেছিল।

