রাজ্যে বিধানসভা নির্বাচনের আজই কমিশনের পক্ষ থেকে ভোটের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। কিন্তু তার ঠিক কয়েক ঘণ্টা আগেই রাজ্যের পুরোহিত ও মোয়াজ্জিনদের জন্য বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার থেকে পুরোহিত ও মোয়াজ্জিনদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ানো হলো। এতদিন তাঁরা মাসে ১,৫০০ টাকা করে পেতেন, এখন থেকে পাবেন ২,০০০ টাকা।
রবিবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মাধ্যমে মুখ্যমন্ত্রী এই ঘোষণা করেন। তিনি জানিয়েছেন, আমাদের সমাজের আধ্যাত্মিক এবং সামাজিক কাজ যারা সামলান, তাঁদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত। শুধু তাই নয়, যাঁরা নতুন করে এই ভাতার জন্য আবেদন ফরম জমা দিয়েছে, সরকার তাঁদের সবার আবেদন এপ্রুভ করেছে। এর ফলে এখন থেকে আরও অনেক নতুন মানুষ সরকারি ভাতার সুবিধা পাবেন। রাজ্যে বর্তমানে প্রায় ৮,০০০ পুরোহিত এই সরকারি ভাতার সুবিধা পাচ্ছেন। পাশাপাশি, প্রায় ৩০,০০০ ইমাম এবং ২০,০০০ মোয়াজ্জিনকেও প্রতি মাসে এই ভাতা দেওয়া হয়। যদিও এই ঘোষণায় ইমামদের ভাতা বাড়ানো হয়নি, পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এই বর্ধিত ভাতা অবিলম্বে কার্যকর হতে চলেছে।
শুধুমাত্র পুরোহিত-মোয়াজ্জিন নয়, এবছর একগুচ্ছ ভাতা বাড়িয়েছেন মুখ্যমন্ত্রী। একনজরে দেখে নিন এবছরের তালিকা:
যুব সাথী: বেকার যুবক-যুবতীদের জন্য ‘যুব সাথী’ প্রকল্প যারা মাধ্যমিক পাশ করে বসে আছেন, এমন ২১ থেকে ৪০ বছর বয়সী বেকার ছেলেমেয়েদের জন্য মাসে ১,৫০০ টাকা করে দিচ্ছে।
লক্ষ্মীর ভাণ্ডার: মহিলাদের জন্য। এই প্রকল্পের আওতায় সাধারণ ঘরের মহিলারা এখন থেকে মাসে পাবেন ১,৫০০ টাকা। আর এসসি/এসটি (SC/ST) ঘরের মহিলারা পাবেন মাসে ১,৭০০ টাকা পায়।
পুরোহিত ও মোয়াজ্জিন: এই প্রকল্পের আওতায় এঁদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়িয়ে করা হয়েছে ২,০০০ টাকা। যারা নতুন আবেদন করেছিলেন, তাঁদের সবার নামও এপ্রুভ হয়ে গিয়েছে এখন থেকে তাঁরাও পাবেন এ টাকা।
সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ: রাজ্যে যারা দিনরাত ডিউটি করেন, সেই সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশের বেতন মাসে ১,০০০ টাকা বাড়ানো হয়েছে।
আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী: এবছর আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি দিদিমণিদের বেতনও মাসে ১,০০০ টাকা বাড়িয়েছে।
সরকারি কর্মচারী (DA): সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করেছে। এর ফলে তাঁদের মোট ডিএ বেড়ে দাঁড়াল ২২ শতাংশ।
সিভিক ভলান্টিয়ারদের রিটায়ারমেন্ট: সিভিক ভলান্টিয়াররা কাজ থেকে অবসর নেওয়ার সময় আগে ৩ লক্ষ টাকা পেতেন, এখন থেকে এককালীন ৫ লক্ষ টাকা পাবেন।
পাড়ায় পাড়ায় পুজো কমিটি: রাজ্যের ক্লাব বা পুজো কমিটিগুলোকে আগে ৮৫ হাজার টাকা করে সাহায্য দেওয়া হতো, এখন থেকে দেওয়া হবে ১ লক্ষ ১০ হাজার টাকা।


