চলমান পরিস্থিতিতে রান্নার গ্যাসের জোগান ও বণ্টন ব্যবস্থায় বড়সড় বদল আনল কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। নতুন নিয়ম অনুযায়ী, এবার যেসব বাড়িতে পাইপলাইন মারফত প্রাকৃতিক গ্যাস বা পিএনজি (PNG) সংযোগ রয়েছে, তারা আর গার্হস্থ্য এলপিজি (LPG) সিলিন্ডার ব্যবহারের সুযোগ পাবেন না।
মন্ত্রকের তরফে বলা হয়েছে, যেসব বাড়িতে পাইপলাইনের গ্যাস (PNG) রয়েছে, তারা আর এলপিজি (LPG) সিলিন্ডার ব্যবহার করতে পারবেন না। এদিন প্রকাশিত গেজেটে জানানো হয়েছে, পিএনজি গ্রাহকদের কাছে যে এলপিজি সিলিন্ডারটি আছে তা অবিলম্বে গ্যাস অফিসে জমা দিতে হবে এবং তারা আর কোনো রিফিল বা নতুন সিলিন্ডার পাবেন না। এমনকি ইন্ডিয়ান অয়েল, এইচপি বা ভারত গ্যাসের মতো কোম্পানিগুলোকে এই গ্রাহকদের নতুন করে গ্যাস দিতে কড়াভাবে নিষেধ করেছে।

মূলত পশ্চিম এশিয়ায় যুদ্ধের পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ভারত তার এলপিজি গ্যাসের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করে। এই সংকটের সময়ে দেশের সীমিত মজুত বাঁচাতে এবং যেখানে পাইপলাইন পৌঁছায়নি সেইসব প্রত্যন্ত এলাকার মানুষের কাছে গ্যাস পৌঁছে দিতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। যা ‘অত্যাবশ্যকীয় পণ্য আইন, ১৯৫৫’ এর আওতায় এই নতুন নিয়ম জারি করেছে।

