ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর (SIR) নিয়ে বড়সড় অগ্রগতির খবর দিলেন বিশেষ রোল পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর তিনি জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রকাশিত হতে পারে রাজ্যের প্রথম ‘সাপ্লিমেন্টারি’ বা অতিরিক্ত ভোটার তালিকা।
গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় দেখা যায়, প্রায় ৬০,০৬,৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ বা বিবেচনাধীন অবস্থায় ছিল।
কমিশন সূত্রে খবর, এই প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে মঙ্গলবার পর্যন্ত প্রায় ২১ লক্ষ ভোটারের নথি যাচাই সম্পন্ন হয়েছে। এই সপ্তাহের শেষেই সেই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে। একইসঙ্গে যাঁদের নাম শেষ পর্যন্ত তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁদেরও একটি পৃথক তালিকা প্রকাশ করবে বলে জানিয়েছে কমিশন।
অপরদিকে, যেসব ভোটারে নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে কিংবা ‘আন্ডার অ্যাজুডিকেশন’ (বিবেচনাধীন) স্তরে থাকা সত্ত্বেও সাপ্লিমেন্টারি তালিকায় নাম আসেনি, তাঁরা সুপ্রিম কোর্টের নির্দেশিত পথে সরাসরি ‘আপিল ট্রাইব্যুনালে’ যাওয়ার সুযোগ পাবেন। এই ট্রাইব্যুনালের মাধ্যমেই নিজেদের বাদ পড়া নাম নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানাতে পারবেন।
এদিন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান,
আগামী ২-৩ দিনের মধ্যে কলকাতা হাইকোর্ট আমাদের জানিয়ে দেবে ট্রাইব্যুনালের জন্য কাদের নির্বাচন করা হয়েছে। হাইকোর্টের থেকে নাম পাওয়ার পরেই আমরা রাজ্য সরকারের সঙ্গে পরবর্তী আলোচনার জন্য বসব।”
জানা গেছে, এ মাসের মধ্যেই বিবেচনাধীন তালিকার সম্পূর্ণ নিষ্পত্তি করা সম্ভব হবে বলে মনে করছেন কমিশন।
উল্লেখ্য যে, ভিন রাজ্যে থেকে আসা বিচারকসহ মোট ৭০৫ জন জুডিশিয়াল অফিসার ভোটার তালিকা ত্রুটিমুক্ত করার কাজ করে যাচ্ছেন। যার ফলে বিবেচনাধীন ভোটারের তালিকা শুক্রবার বা শনিবার মধ্যেই প্রকাশিত হবে ।

