মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার উত্তাল রাজধানী দিল্লি। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া বাতিলের দাবিতে পথে নেমেছেন ককরোচ জনতা পার্টি (CJP), বিভিন্ন ছাত্র সংগঠন, বামপন্থী সংগঠন এবং বিরোধী দলের নেতা-কর্মীরা। যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করে দিল্লি পুলিশ। বিক্ষোভে যোগ দিতে যাওয়ার পথে ৭ হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
বিক্ষোভের আঁচ যাতে ছড়িয়ে না পড়ে, তার জন্য দিল্লির বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়। যন্তর মন্তরের দিকে যাওয়া বিক্ষোভকারীদের গতিবিধির উপর নজর রাখতে ড্রোন ব্যবহার করে পুলিশ। এর আগে সকালেই প্রায় ২০০ জন বিক্ষোভকারীকে আটক করার খবর সামনে এসেছিল। গুরুগ্রামের সেক্টর ৫৬ থেকে ইউটিউবার ধ্রুব রাঠিকেও আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সরব হয়েছেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু যোগ্য ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভোটার তালিকা সংশোধনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছেন তাঁরা। একই সঙ্গে SIR প্রক্রিয়া বাতিলের দাবিও উঠেছে বিক্ষোভ থেকে। আন্দোলনকারীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার চেষ্টা চলছে।
এছাড়াও নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কারণ দেখিয়ে যন্তর মন্তরে প্রস্তাবিত বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেয়নি দিল্লি পুলিশ। নয়াদিল্লি এলাকায় জারি থাকা বিধিনিষেধের কথা উল্লেখ করে সাধারণ মানুষকে তা মেনে চলার আবেদন জানিয়েছে প্রশাসন। সম্ভাব্য জমায়েত আটকাতে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। বিক্ষোভ ঘিরে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে।
এদিন বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর একাধিক এলাকায় ধরপাকড়ের ঘটনা ঘটেছে। বিরোধী শিবিরের নেতা-কর্মী ও আন্দোলনকারীদের আটক করার ঘটনায় রাজনৈতিক মহলেও উত্তেজনা ছড়িয়েছে। অন্যদিকে, আইনশৃঙ্খলা বজায় রাখতেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। বিক্ষোভ ঘিরে রাজধানীর পরিস্থিতির দিকে নজর রয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
