কলকাতার চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে কল্পনা জানার মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে রামনগরে পৌঁছন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাঁদের সমবেদনা জানান তিনি। পাশাপাশি পরিবারের হাতে সরকারি আর্থিক সাহায্য তুলে দেন এবং মৃতার দুই নাবালক সন্তানের ভবিষ্যতের দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন।
সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ঘটনার নিরপেক্ষ তদন্তের জন্য অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে একটি তদন্ত কমিশন গঠন করা হয়েছে। আগামী তিন মাসের মধ্যে তদন্তের রিপোর্ট জমা পড়লে তা বিধানসভায় পেশ করা হবে বলেও জানান তিনি।
এ দিন শিক্ষাব্যবস্থার পরিবর্তন নিয়েও একাধিক প্রস্তাব দেন শুভেন্দু অধিকারী। স্কুলে পাস-ফেল প্রথা ফিরিয়ে আনা এবং পড়ুয়াদের জন্য স্কুল চত্বরে মোবাইল ফোন নিষিদ্ধ করার পক্ষে সওয়াল করেন তিনি। তাঁর মতে, পড়াশোনার মানোন্নয়ন এবং স্কুলে শৃঙ্খলা বজায় রাখার জন্য এই পদক্ষেপগুলি প্রয়োজন।
পাশাপাশি স্কুলে ব্রতচারী ও NCC ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার কথাও বলেন মুখ্যমন্ত্রী। ছাত্রছাত্রীদের মধ্যে দেশের ইতিহাস ও রাজ্যের ইতিহাস সম্পর্কে সচেতনতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “ভারতবর্ষের ইতিহাস, পশ্চিমবঙ্গের ইতিহাস ছাত্রছাত্রীদের মধ্যে সঞ্চারিত করা দরকার।”
আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন আনার কথাও জানান তিনি। পড়ুয়াদের মধ্যে জাতীয়তাবাদী চেতনা গড়ে তোলার পাশাপাশি স্কুলে বিতর্ক, কুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতার আয়োজন করার প্রস্তাব দেন। বছরে অন্তত তিন দিন এই ধরনের প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব দেন তিনি।
শুধু পাঠ্যবইয়ের পড়াশোনা নয়, পড়ুয়াদের সাংস্কৃতিক বিকাশের দিকেও নজর দেওয়ার কথা বলেন শুভেন্দু অধিকারী। স্কুলে তবলা, হারমোনিয়াম, গিটার, সেতার, মৃদঙ্গ ও খঞ্জনির মতো বাদ্যযন্ত্র শেখানোর সুযোগ তৈরি করার পক্ষে মত দেন তিনি। তাঁর বক্তব্য, শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের যুক্তিবোধ, মত প্রকাশের ক্ষমতা এবং সাংস্কৃতিক সচেতনতার বিকাশ ঘটানোও জরুরি।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
