ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) সারা দেশের সৈনিক স্কুলগুলিতে ভর্তির জন্য আবেদনপত্র গ্রহণ করা শুরু করেছে। সৈনিক স্কুলের সর্বভারতীয় এন্ট্রান্স পরীক্ষার (এআইএসএসইই) জন্যই এই আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। এর মাধ্যমে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে দেশের সমস্ত সৈনিক স্কুল এবং অনুমোদিত নিউ সৈনিক স্কুলগুলিতে ষষ্ঠ ও নবম শ্রেণিতে ছাত্রছাত্রীদের ভর্তি নেওয়া হবে।
NTA- র প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২০২৭ তারিখে এই পরীক্ষা হবে। পরীক্ষাটি হবে লিখিত এবং প্রশ্নগুলি হবে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন (MCQ) ধরনের। পরীক্ষার্থীদের ওএমআর শিটে সঠিক উত্তর বেছে নিতে হবে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার সময়সীমা ১৫০ মিনিট এবং নবম শ্রেণির ক্ষেত্রে ১৮০ মিনিট। দুই শ্রেণির পরীক্ষাই শুরু হবে দুপুর ২টোয়। ষষ্ঠ শ্রেণির পরীক্ষা চলবে বিকেল ৪টে ৩০ মিনিট পর্যন্ত এবং নবম শ্রেণির পরীক্ষা শেষ হবে বিকেল ৫টায়।
বয়সসীমা:
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে পরীক্ষার্থীদের বয়স হতে হবে ১০ থেকে ১২ বছরের মধ্যে। ২০২৭ সালের ৩১ মার্চ অনুযায়ী যেসব পড়ুয়ার জন্ম ১ এপ্রিল ২০১৫ থেকে ৩১ মার্চ ২০১৭-র মধ্যে, তারা আবেদন করতে পারবে। অন্যদিকে, নবম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে বয়স হতে হবে ১৩ থেকে ১৫ বছরের মধ্যে। জন্মতারিখ হতে হবে ১ এপ্রিল ২০১২ থেকে ৩১ মার্চ ২০১৪-র মধ্যে। ছেলে ও মেয়ে উভয়েই এই পরীক্ষার জন্য আবেদন করতে পারবে।
আবেদন মূল্য:
আবেদনপত্র জমা দেওয়া যাবে আগামী ২ ডিসেম্বর ২০২৬ রাত ১১টা ৫০ মিনিট পর্যন্ত। আবেদনের জন্য জেনারেল, ওবিসি-এনসিএল এবং প্রতিরক্ষা কর্মী ও প্রাক্তন সেনাকর্মীদের সন্তানদের ক্ষেত্রে ৮৫০ টাকা ফি ধার্য করা হয়েছে। অন্যদিকে, তফসিলি জাতি ও উপজাতিভুক্ত প্রার্থীদের জন্য আবেদন ফি ৭০০ টাকা। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে না পারলেও অতিরিক্ত ৫০০ টাকা লেট ফি দিয়ে ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন জানানোর সুযোগ থাকছে। লেট ফি-সহ আবেদনের টাকা জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর রাত ১১টা ৫০ মিনিট।
পরীক্ষার ক্ষেত্রে ষষ্ঠ শ্রেণির পড়ুয়াদের জন্য বাংলা-সহ মোট ১৩টি ভাষায় প্রশ্নপত্রের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, বাংলা ভাষাতেও এই পরীক্ষা দেওয়া যাবে। অন্যদিকে, নবম শ্রেণির প্রবেশিকা পরীক্ষা শুধুমাত্র ইংরেজি মাধ্যমে নেওয়া হবে। পরীক্ষার শহরের নাম ১১ জানুয়ারি ২০২৭ তারিখে জানানো হবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে ২৫ জানুয়ারি থেকে এনটিএ-র ওয়েবসাইটে।
পরীক্ষা সেন্টার:
পশ্চিমবঙ্গের পরীক্ষার্থীদের জন্য কলকাতা, বর্ধমান, পুরুলিয়া, শিলিগুড়ি এবং দুর্গাপুরে পরীক্ষাকেন্দ্রের ব্যবস্থা রাখা হয়েছে।
আবেদন কিভাবে করবেন?
আবেদন করার জন্য এনটিএ-র নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে।
আবেদন করার লিংক:
https://examinationservices.nic.in/ExamSys27/Registration/Instruction.aspx
ইনফরমেশন বুলেটিন: https://cdnbbsr.s3waas.gov.in/s388a839f2f6f1427879fc33ee4acf4f66/uploads/2026/11/202611031403322790.pdf
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
