২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল তুরস্ক ও সিঙ্গাপুর। প্রথাগতভাবে খালি চোখে চাঁদ দেখার অপেক্ষা না করে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের নিখুঁত গণনার ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নিয়েছে দুই দেশের ধর্মীয় কর্তৃপক্ষ। তবে একই বিজ্ঞানের ওপর নির্ভর করলেও, ভৌগোলিক অবস্থান ও নিয়মের ভিন্নতার কারণে দুই দেশে দুই দিনে ঈদ পালিত হতে যাচ্ছে।
তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ প্রেসিডেন্সি অফ রিলিজিয়াস অ্যাফেয়ার্স’ বা দিয়ানেত (Diyanet) জানিয়েছে, তাদের দেশে আগামী ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর পালিত হবে। দেশটি জানিয়েছে, বিশ্বের কোথাও না কোথাও টেলিস্কোপে চাঁদ দেখার সম্ভাবনা থাকলেই তারা ইদ পালন করে। সেই হিসাব অনুযায়ী, চলতি বছরে ১৯ মার্চ বৃহস্পতিবার বিশ্বের কিছু অংশে চাঁদ দেখা যাওয়ার বৈজ্ঞানিক সম্ভাবনা থাকায় ২০ মার্চ শুক্রবার সে দেশে ঈদুল ফিতর পালিত হবে।
অন্যদিকে, সিঙ্গাপুরের ইসলামিক রিলিজিয়াস কাউন্সিল (MUIS) জানিয়েছে, সেখানে ঈদ হবে ২১ মার্চ শনিবার। সিঙ্গাপুর মূলত তাদের নিজস্ব আকাশসীমায় চাঁদ দেখার সম্ভাব্যতা বিচার করে। তাদের হিসাব অনুযায়ী, বৃহস্পতিবার সিঙ্গাপুরের আকাশে চাঁদ দেখা যাওয়ার কোনো গাণিতিক সম্ভাবনা নেই। তাই শুক্রবার ৩০ রোজা পূর্ণ করে তারা শনিবার ঈদ পালন করবে। বর্তমানে উভয় দেশেই বুধবার (১৮ মার্চ) ২৮ রমজান চলছে।
উল্লেখযোগ্য যে, ভারত সহ পার্শ্ববর্তী বেশ কিছু দেশে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি থেকে ৷ বিশেষজ্ঞদের মতে, আগামী ২০ মার্চ (শুক্রবার) সন্ধ্যায় যদি স্থানীয় আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তবে পরদিন অর্থাৎ ২১ মার্চ শনিবার ভারতে পবিত্র ঈদুল ফিতর পালন হবে।
