এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মা আজ তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র পাঠানোর পাশাপাশি তিনি সংসদের তিন সদস্যের তদন্ত কমিটি (Inquiry Committee) থেকেও নিজেকে সরিয়ে নিয়েছেন ।
গত বছর মার্চ মাসে বিচারপতি বর্মার দিল্লির সরকারি বাসভবনে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দগ্ধ এবং আধপোড়া নগদ অর্থ উদ্ধার করা হয়েছিল। তিনি দাবি করেন যে, অগ্নিকাণ্ডের সময় তিনি সপরিবারে দিল্লির বাইরে ছিলেন এবং যে ঘর থেকে টাকা উদ্ধার হয়েছে সেটি বাড়ির সাধারণ স্টোররুম ছিল যা সকলের জন্য উন্মুক্ত ছিল এই ঘটনার পর থেকেই তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে এবং সুপ্রিম কোর্টের অভ্যন্তরীণ তদন্তে তাঁর উত্তর অসংলগ্ন মনে হওয়ায় বিষয়টি লোকসভায় পৌঁছায়।
লোকসভার ১৪৬ জন সাংসদ তাঁর অপসারণের (Impeachment) দাবি জানিয়ে নোটিশ দিলে স্পিকার ওম বিড়লা একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেন। এই তদন্ত প্রক্রিয়া চলাকালীনই বিচারপতি বর্মা আজ রাষ্ট্রপতির কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। চিঠিতে তিনি এই তদন্ত প্রক্রিয়া নিয়ে তাঁর ‘গভীর মর্মপীড়া‘ বা ‘Deep Anguish’ প্রকাশ করেছেন। বিশেষজ্ঞদের মতে, পদত্যাগের ফলে তাঁর বিরুদ্ধে চলা বর্তমান অপসারণ প্রক্রিয়াটি কার্যত গুরুত্বহীন হয়ে পড়ল ।
