বর্তমান সময়ে স্মার্টফোন আর সোশ্যাল মিডিয়া আমাদের নিত্যসঙ্গী। কিন্তু এই সোশ্যাল মিডিয়াই যখন ছোটদের জন্য কাল হয়ে দাঁড়ায়, তখন কড়া ব্যবস্থা নিল কর্ণাটক সরকার। শুক্রবার রাজ্যের বাজেট পেশ করার সময় মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘোষণা করলেন, এখন থেকে ১৬ বছরের কম বয়সী কোনো শিশু-কিশোর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবে না।
এটি হবে দেশের মধ্যে প্রথম কোনও রাজ্য যা এমন কঠোর পদক্ষেপ নিতে চলেছে, যার লক্ষ্য শিশুদের উপর মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের ক্ষতিকর প্রভাব রোধ করা।
এদিন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়গে জানান, তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং পড়াশোনা রক্ষায় সরকার বড় পদক্ষেপ নিতে পারে। শেষ পর্যন্ত সেই পথেই হাঁটল রাজ্য সরকার।
মুখ্যমন্ত্রী বাজেট ভাষণে স্পষ্টভাবে উল্লেখ করেন , শিশুদের ওপর মোবাইলের ক্ষতিকর প্রভাব এবং ভুয়ো তথ্যের ছড়িয়ে পড়া রোধ করতেই এই কড়া সিদ্ধান্ত নেওয়া।
উল্লেখ্য, অস্ট্রেলিয়া ইতোমধ্যেই ১৬ বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক-সহ প্রধান সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করেছে এবং কোম্পানিগুলিকে কঠোর বয়স যাচাই ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। জানা গেছে আন্ধ্রপ্রদেশ সরকার অস্ট্রেলিয়ার মতো করে ১৬ বছর কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার সীমাবদ্ধ বা নিষেধ করার বিষয়ে চিন্তা করছে।

