চোরবাগানের পুজোমণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে ভুয়ো ভিডিয়ো ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এই ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শুধু ভুয়ো ভিডিয়ো পোস্ট করলেই নয়, সেই ভিডিয়োয় লাইক বা শেয়ার করলেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে জামিন-অযোগ্য ধারায় মামলা করার নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই কথা জানান মুখ্যমন্ত্রী।
শুভেন্দুর অভিযোগ, চোরবাগান কাণ্ডকে কেন্দ্র করে বাংলাদেশ থেকে কিছু ভুয়ো খবর ও বিভ্রান্তিকর বয়ান ছড়ানো হচ্ছে। মৃতদের চোখ তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে সমাজমাধ্যমে যে ভিডিয়ো ছড়িয়েছিল, সেটির প্রসঙ্গও তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, ওই ভিডিয়ো বাংলাদেশ থেকে পোস্ট করা হয়েছিল। পরে এ রাজ্যের একাধিক ব্যক্তি সেটি লাইক ও শেয়ার করেন। এই ঘটনায় মোট ১৩৫ জনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁদের সকলের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিকে, সমাজমাধ্যমে ভুয়ো ভিডিয়ো ছড়ানোর অভিযোগে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে এই গ্রেফতারির কথা জানান দক্ষিণ দিনাজপুরের পুলিশ সুপার অভিষেক গুপ্ত। ধৃতেরা হলেন রেহান সরকার, সুমন রায় এবং সিদ্দিক মিঞা আলি। তাঁদের মধ্যে দু’জন কুমারগঞ্জের এবং এক জন গঙ্গারামপুরের বাসিন্দা।
পুলিশের দাবি, সমাজমাধ্যমে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে গুজব ছড়ানো হচ্ছিল। প্রাথমিক তদন্তে এই ঘটনার সঙ্গে একটি সংগঠিত নেটওয়ার্কের যোগ থাকার ইঙ্গিত মিলেছে। সেই নেটওয়ার্কের সঙ্গে বিদেশের কোনও যোগ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশের যোগ রয়েছে কি না, তদন্তের পরেই তা স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় আর্থিক লেনদেনের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে চোরবাগান কাণ্ডে মৃতদের চোখ তুলে বিক্রি করে দেওয়া হচ্ছে বলে গুজব ছড়ানোর অভিযোগে কোচবিহার থেকে এক জনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযোগ, তিনি চোরবাগানের ঘটনার ভিডিয়ো বিকৃত করে সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। সেই ভিডিয়ো আরও বেশি করে শেয়ার করার অনুরোধও করেছিলেন তিনি বলে অভিযোগ।
চোরবাগানের পদপিষ্টের ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। কী ভাবে এই বিপর্যয় ঘটল, দায়িত্বে কারা ছিলেন এবং কোথায় গাফিলতি হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে। শুভেন্দু জানিয়েছেন, ঘটনায় কোনও ত্রুটি হয়ে থাকলে তা খতিয়ে দেখা হবে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। পুলিশমন্ত্রী হিসেবে তদন্তে হস্তক্ষেপ করতে চান না বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর বক্তব্য, ঘটনার প্রকৃত কারণ সামনে আসা প্রয়োজন। পাশাপাশি, দুর্ঘটনাকে কেন্দ্র করে সমাজমাধ্যমে কোনও ভুয়ো খবর বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
