আসন্ন বিধানসভা নির্বাচনের কেন্দ্র করে বড়সড় প্রশাসনিক রদবদল করল নির্বাচন কমিশন। এবার থেকে ভোট পরিচালনার কোনও গুরুত্বপূর্ণ দায়িত্বে আর চুক্তিভিত্তিক বা অস্থায়ী কর্মীদের নিয়োগ করা যাবে না।
বিধানসভা নির্বাচনে বুথ স্তরের কাজ থেকে শুরু করে ভোট সংক্রান্ত কোনও কাজেই আর চুক্তিভিত্তিক কর্মীদের নিয়োগ করা যাবে না। এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীদেরও ভোটের সরাসরি দায়িত্ব থেকে দূরে রাখার নির্দেশ দিয়েছে। বুধবার রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিককে এই মর্মে একটি নির্দেশিকা পাঠিয়েছেন সিইও।
এতদিন চুক্তিভিত্তিক ও অঙ্গনওয়াড়ি কর্মীরা মূলত বুথ স্তরের ফিল্ড ওয়ার্ক বা মাঠপর্যায়ের কাজগুলি সামলাতেন। বিশেষ করে বুথ লেভেল অফিসার (BLO) হিসেবে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকায় নতুন নাম তোলা, তথ্য সংশোধন বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব তাঁদের ওপর ছিল। এছাড়া নির্বাচনের আগে বাড়ি বাড়ি ভোটার স্লিপ পৌঁছে দেওয়া এবং ভোটের দিন বুথের লাইনে ভোটারদের সহায়তা করার মতো কাজেও তাঁদের ব্যবহার করা হতো। তবে এবার নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা সুনিশ্চিত করতেই এই বড় বদল আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।
