২৬- এর ভোটের আগে রাজ্যের পিছিয়ে পড়া ও অবহেলিত জনজাতিগুলোর সামাজিক ও অর্থনৈতিক উন্নতির লক্ষ্যে এক বড়সড় পদক্ষেপের কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি নিছ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ কথা জানিয়েছেন। রাজ্যের আরও পাঁচটি বিশেষ সম্প্রদায়ের জন্য নতুন পাঁচটি ‘সাংস্কৃতিক ও উন্নয়ন পর্ষদ’ (Cultural and Development Boards) গঠন করতে চলেছে তাঁর সরকার।
এই তালিকায় রয়েছে মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার এবং সদগোপ সম্প্রদায়। মুখ্যমন্ত্রী নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে এ কথা জানান। তাঁর মতে, এই সম্প্রদায়গুলো বাংলার সমৃদ্ধ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ, তাই তাঁদের সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার এ নতুন উদ্দোগ নিয়েছে।
শুধু সংস্কৃতি রক্ষাই নয়, ওই সম্প্রদায়ের মানুষের জন্য উচ্চ শিক্ষা, আধুনিক স্বাস্থ্য পরিষেবা এবং বেশি বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি করাও হবে এই বোর্ডগুলোর অন্যতম প্রধান কাজ। এছাড়া তাঁদের দীর্ঘদিনের প্রথাগত ও সামাজিক অধিকারগুলো যাতে বজায় থাকে, সেদিকেও কড়া নজর রাখা হবে। এর ফলে ওই এলাকার সাধারণ মানুষ সরাসরি সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা আরও সহজে হাতে পাবেন এবং তাঁদের জীবনযাত্রার মান বাড়বে বলে দাবি করেন মমতা।
এছাড়াও এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তাঁর সরকার চায় রাজ্যের কোনো মানুষ যেন পিছিয়ে না থাকে।
যদিও এটা প্রথম নয় এর আগে ২০১৩ সাল থেকেও তিনি এমন অনেক বোর্ড তৈরি করেছিলেন, যা সাধারণ মানুষের অনেক উপকারে লেগেছে। এবার এই পাঁচটি নতুন বোর্ড হওয়ার ফলে মুন্ডা বা ডোমদের মতো সম্প্রদায়ের মানুষেরা আরও অনেক সুযোগ-সুবিধা পাবেন।


