ট্রেনে বা রেলস্টেশনে ধূমপান করা অনেক আগে থেকেই নিষিদ্ধ। কিন্তু অনেকেরই এই নিয়ম মানতেই চাইতোনা। এবার সেই সব নিয়মভঙ্গকারীদের ধরতে রেল কর্তৃপক্ষ অত্যন্ত কঠোর অবস্থানে গিয়েছে। নতুন ‘জন বিশ্বাস আইন ২০২৬‘ অনুযায়ী, ধূমপান করলে এখন থেকে আপনাকে গুনতে হবে বড় অঙ্কের জরিমানা।
আগে ট্রেনে বা স্টেশনে ধূমপান করলে মাত্র ২০০ টাকা জরিমানা দিতে হতো। কিন্তু নতুন নিয়মে সেই জরিমানার অঙ্ক সরাসরি বাড়িয়ে ২০০০ টাকা করেছে। অর্থাৎ, ভুল করলে এবার গুনতে হবে ১০ গুণ বেশি টাকা। নতুন এই নিয়মে শুধু টাকা দিয়েই দায়মুক্তি মিলবে না। ট্রেনে ধূমপান করতে গিয়ে ধরা পড়লে আপনার টিকিট বাজেয়াপ্ত করা হতে পারে। শুধু তাই নয়, দায়িত্বরত টিটিই (TTE) বা রেল আধিকারিকরা আপনাকে মাঝপথেই ট্রেন থেকে নামিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। অর্থাৎ, আপনার যাত্রা সেখানেই শেষ হতে পারে।
যদি কেউ ২০০০ টাকা জরিমানা দিতে অস্বীকার করেন, তবে পরিস্থিতি আরও জটিল হবে। সেক্ষেত্রে ওই যাত্রীকে সরাসরি আদালতে তোলা হতে পারে। তখন আইনি জটিলতায় জরিমানা ৫০০০ টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
ভারতীয় রেলের ১৬৭ নম্বর ধারা অনুযায়ী, ট্রেন বা প্ল্যাটফর্মে ধূমপান করা একটি দণ্ডনীয় অপরাধ। মূলত ট্রেনের ভেতর আগুনের ঝুঁকি কমানো এবং সহযাত্রীদের অস্বস্তি দূর করতেই রেল এই কড়া পদক্ষেপ নিয়েছে।
