আজ সোমবার সকাল থেকেই শুরু হয়েছে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের ১২ তম নির্বাচন। রাজ্যের প্রায় ৮০ হাজার আইনজীবীর পেশাগত ভাগ্য নির্ধারণ করতে ভোটগ্রহণ চলবে দুদিন ধরে আজ ও আগামীকাল (মঙ্গলবার)। কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে জেলা ও মহকুমা আদালত সবত্রই সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে। এই ভোট ব্যালট পেপারের মাধ্যমে নেওয়া হচ্ছে।
এবার ২৩টি আসনের লড়াইয়ে মোট ৭৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্রার্থীদের মধ্যে তৃণমূল সমর্থিত প্রার্থী রয়েছেন ২৩ জন এবং প্রধান বিরোধী পক্ষ হিসেবে বিজেপি সমর্থিত প্রার্থী রয়েছেন ২২ জন। এছাড়া বাম কংগ্রেস পন্থীদের পক্ষ থেকেও ১২ জন এবং নির্দল হিসেবে আরও ১৮ জন প্রার্থী নির্বাচন করছেন। এবং মোট আসনের মধ্যে ১৮টি পুরুষদের জন্য এবং ৫টি মহিলাদের জন্য সংরক্ষিত।
তবে সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশ অনুযায়ী, নির্বাচনের ফলাফল প্রকাশের পর অংশগ্রহণকারী মহিলা প্রার্থীদের মধ্য থেকে আরও দু’জনকে বেছে নেবে বার কাউন্সিল অফ ইন্ডিয়া। তৃণমূল প্যানেলের নেতৃত্বে রয়েছেন বর্তমান চেয়ারম্যান অশোক কুমার দেব এবং তাঁর সঙ্গী হিসেবে রয়েছেন সিদ্ধার্থ মুখোপাধ্যায়, সুব্রত সরকার ও অংশুমান মন্ডলের মতো অভিজ্ঞ আইনজীবীরা। অন্যদিকে, বিরোধী শিবিরে কৈলাস তামোলি, মিহির দাস ও বিশ্বরূপ চক্রবর্তীর পাশাপাশি অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে লড়াই করছেন অভিজ্ঞ আইনজীবী তথা সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
