২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বড় ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। আজ, পহেলা বৈশাখের দিনে কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে দলের পক্ষ থেকে লঞ্চ করা হলো ‘মাতৃ শক্তি ভরসা কার্ড‘। এই কার্ডের মাধ্যমে রাজ্যের মহিলাদের জন্য বড়সড় আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তবে এটি তখনই পাবে যখন তারা ক্ষমতায় বসবে। এবং এর ফলে বাংলার মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে বলে জানিয়েছে।

শোনা যাচ্ছে, তৃণমূল সরকারের অত্যন্ত জনপ্রিয় প্রকল্প ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর পাল্টা দিতেই বিজেপির এই ঘোষণা।বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে মহিলারা ১,৫০০ থেকে ১,৭০০ টাকা পান। বিজেপি সেই অঙ্ককে এক ধাক্কায় প্রায় তিন গুণ বাড়িয়ে সরাসরি ৩,০০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়ে রাজ্যের কয়েক কোটি মহিলা ভোটারের মন জয় করতে চাইছে।

এদিন কলকাতায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁদের হাত দিয়েই এই ‘মাতৃশক্তি ভরসা কার্ড’ জনসমক্ষে আনা হয়। স্মৃতি ইরানি বলেন, “এই কার্ড বাংলার মা-বোনেদের আর্থিক স্বনির্ভরতা ও সামাজিক সম্মানের গ্যারান্টি। এটি কেবল প্রতিশ্রুতি নয়, মোদীজির সংকল্প।” শুভেন্দু অধিকারী জানান, আজ থেকেই দলের মহিলা মোর্চার কর্মীরা রাজ্যের প্রতিটি প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে এই কার্ড বিলি শুরু করবেন।
উল্লেখ্য, গত কয়েকটি নির্বাচনে দেখা গিয়েছে, তৃণমূলের মহিলা ভোটব্যাঙ্ক ভাঙা বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
