প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রাজ্যে পালিত হচ্ছে ‘অন্নপূর্ণা দিবস’। এই উপলক্ষে আজ মহিলাদের জন্য একাধিক ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্নপূর্ণা যোজনার টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিকানা, কন্যাদের পড়াশোনা থেকে শুরু করে ICDS ও আশা কর্মীদের বেতন একাধিক বিষয় উঠে এল তাঁর বক্তব্যে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর রাজ্যে ‘অন্নপূর্ণা দিবস’ হিসেবে পালন করা হবে। এ দিনই অন্নপূর্ণা যোজনার সেপ্টেম্বরের কিস্তির টাকা দেওয়ার কর্মসূচি রাখা হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এ মাসে প্রায় ১ কোটি ৫৮ লক্ষ যোগ্য মহিলা এই প্রকল্পের আওতায় ৩,০০০ করে টাকা পাবেন। টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর কথা জানানো হয়েছে।
যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন কিন্তু এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নথি বা ব্যাঙ্কের তথ্য যাচাইয়ের পরে যোগ্য উপভোক্তাদের পরবর্তী পর্যায়ে টাকা দেওয়ার প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এ দিনের ঘোষণার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা। শুভেন্দু জানিয়েছেন, রাজ্যে নতুন করে তৈরি হতে চলা আবাস যোজনার বাড়িগুলির মালিকানা পরিবারের মহিলাদের নামে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, ৫০ লক্ষের বেশি বাড়ির জন্য উপভোক্তাদের তালিকা তৈরির কথাও তিনি জানিয়েছেন।
মহিলাদের পাশাপাশি কন্যাদের পড়াশোনার বিষয়েও ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, ১৪ অগস্ট ‘কন্যারত্ন দিবস’ এ ২০ লক্ষের বেশি কন্যার অ্যাকাউন্টে পড়াশোনার জন্য মেয়েদের ১,০০০ টাকা করে দেওয়া হয়েছিল। আগামী বছর সেই অর্থ বাড়িয়ে ২,০০০ করার ঘোষণা করা হয়েছে।
উচ্চমাধ্যমিকের পর স্নাতকস্তরে পড়াশোনা চালিয়ে যাওয়া মেয়েদের জন্যও আর্থিক সহায়তার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর ঘোষণা অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বছরে ১৭ হাজার টাকা করে এবং তৃতীয় বছরে ১৬ হাজার টাকা অর্থাৎ তিন বছরে মোট ৫০ হাজার টাকা দেওয়া হবে। ২০২৭ সালের জানুয়ারি থেকে এই কর্মসূচি চালুর কথা জানানো হয়েছে।
এ ছাড়াও ICDS ও আশা কর্মীদের পারিশ্রমিক বাড়ানোর ঘোষণা করা হয়েছে। অগস্ট মাস থেকে তাঁদের মাসিক পারিশ্রমিক ৫ হাজার টাকা করে বাড়ানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। প্রাণীমিত্রদের ক্ষেত্রেও ২ হাজার টাকা পারিশ্রমিক বৃদ্ধির কথা বলা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মায়েদের খাবারের বরাদ্দও বাড়ানোর কথা জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, এই খাতে বরাদ্দ ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৪ হাজার টাকা করা হয়েছে।
অনুষ্ঠান থেকে নেশার বিরুদ্ধেও বার্তা দেন মুখ্যমন্ত্রী। বেআইনি নেশার কারবার বন্ধ করতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে ‘নেশামুক্ত ভারত, নেশামুক্ত পশ্চিমবঙ্গ’ এর ডাক দেন তিনি। মহিলাদেরও এই উদ্যোগে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
সব মিলিয়ে, অন্নপূর্ণা দিবসের মঞ্চ থেকে মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা, আবাস যোজনার বাড়ির মালিকানা, কন্যাদের শিক্ষা এবং মহিলা কর্মীদের পারিশ্রমিক একাধিক ক্ষেত্রে নতুন ঘোষণা সামনে এসেছে। এখন নজর থাকবে ঘোষিত সুবিধাগুলি কবে থেকে এবং কীভাবে কার্যকর করা হয়, তার দিকে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
