মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির আবহে এলপিজি (LPG), পেট্রোল এবং ডিজেলের সরবরাহ নিয়ে ফেক নিউজ বা গুজব ছড়ানোর চেষ্টা করলেই এবার হবে জেল। এই ধরনের বিভ্রান্তিকর তথ্য রুখতে এবার কড়া অবস্থান জারি করলো আসাম পুলিশ। আজ আসাম পুলিশের এক্স এ জানান, জ্বালানি পণ্যের আকাল নিয়ে কোনো ধরনের মিথ্যে খবর বা গুজব ছড়ালে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের দাবি, বর্তমান প্রেক্ষাপটে দেশজুড়ে এলপিজি (LPG), পেট্রোল, ডিজেলসহ অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের সরবরাহ নিয়ে গুজব ছড়ানোর ঘটনা বেড়ে যাওয়ায় আসাম পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।
এদিকে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল জানিয়েছেন, যে রাজ্যে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের কোনো সংকট নেই। মোদি সরকার ইতিমধ্যে দেশীয় উৎপাদন বাড়িয়েছে এবং বিভিন্ন দেশ থেকে আমদানির ব্যবস্থা করেছে। তিনি আশ্বাস দিয়েছেন, করোনাকালীন অক্সিজেন সংকট মোকাবিলার মতোই এবারও গার্হস্থ্য রান্নার গ্যাসের কোনো অভাব হবে না। তবে, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বাণিজ্যিক এলপিজি সরবরাহে বিপাকে পড়তে হয়েছে হোটেল রেস্তোরা মালিকদের।
