দিন যত এগোচ্ছে, ভোটের দিনক্ষণ ততই ঘনিয়ে আসছে। আজ নির্বাচন কমিশনের তরফ থেকে প্রথম চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। এই চূড়ান্ত তালিকায় যাদের নাম থাকবে, তারাই ভোট দেওয়ার সুযোগ পাবেন। তবে যাদের নাম সাপ্লিমেন্টারি তালিকা থেকে বাদ পড়েছে, তাদের জন্য ইতিমধ্যেই অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতিতেই ট্রাইব্যুনালে আপিল করার ব্যবস্থা রাখা হয়েছে। জানা গিয়েছে, প্রয়োজনীয় নথিপত্র সঠিক থাকলে ট্রাইব্যুনালের মাধ্যমে বাদ পড়া ‘ডি ভোটার’রা আবারও তাদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবেন।
গত সোমবার নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যে প্রথম সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়। এরপর শুক্রবার প্রকাশিত হয় অ্যাডজুডিকেশন ভিত্তিক দ্বিতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা। এরপর গতকাল, শনিবার কমিশন পশ্চিমবঙ্গের অ্যাডজুডিকেশন তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করে। আর আজ সন্ধ্যায় প্রকাশ করা হয়েছে সাপ্লিমেন্টারি চতুর্থ ভোটার তালিকা।
উল্লেখ্য, এর আগে গত ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন SIR-এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছিল। ওই তালিকা অনুযায়ী, রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জন। তবে এই ভোটারদের মধ্যে নামের গরমিল ও লিংকেজ সমস্যার কারণে ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ অর্থাৎ বিচারাধীন অবস্থায় রাখা হয়।
এরপর সেই সকল বিচারাধীন ভোটারের তথ্য যাচাইয়ের পর ধাপে ধাপে কমিশন তাদের তালিকা প্রকাশ করতে শুরু করে। এই প্রক্রিয়ায় দুটি পৃথক তালিকা প্রকাশ করা হয়—
সাপ্লিমেন্টারি ভোটার তালিকা: যেখানে অ্যাডজুডিকেশন প্রক্রিয়া শেষে যেসব ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ডিলিট লিস্ট: যেখানে অ্যাডজুডিকেশন শেষে যেসব ভোটারের নাম বাতিল করা হয়েছে। এই তালিকা জেলা, বিধানসভা এবং বুথভিত্তিকভাবে প্রকাশ করা হয়।
রাজ্যে শুরু হচ্ছে দুই দফায় বিধানসভা নির্বাচন। প্রথম দফায় ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল ২০২৬। অপরদিকে দ্বিতীয় দফায় রাজ্যের বাকি ১৪২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল ২০২৬, বুধবার। এরপর ভোটের ফলাফল ঘোষণা করা হবে ৪ মে ২০২৬, সোমবার। ওই দিনই রাজ্যের মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্রের গণনার ফল একসঙ্গে প্রকাশ করা হবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই তালিকায় যেসব ভোটারের নাম থাকবে, তারাই প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট জেলা নির্বাচন দফতর, বিডিও অফিস, নির্বাচন অফিস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিধানসভা ও বুথভিত্তিক চূড়ান্ত এবং সাপ্লিমেন্টারি ভোটার তালিকা পাওয়া যাবে।
এছাড়া যেসব ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় ডিলিট লিস্টে রয়েছে বা যাদের নাম চূড়ান্ত তালিকায় নেই, তারা ১৫ দিনের ট্রাইব্যুনালে আপিল করতে পারবেন। ট্রাইব্যুনালের নির্দেশ অনুযায়ী পরে সংশোধিত তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ থাকবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
আগামীকাল থেকেই প্রথম দফার জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শুরু হতে চলেছে। তাই আজ রাতের মধ্যেই এই সংশোধিত সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করার উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে আরও বেশি করে প্রযুক্তিকে কাজে লাগানো হবে বলেও কমিশন জানিয়েছে।
পাশাপাশি, রাজনৈতিক দলগুলিও তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করার কাজ জোরকদমে চালিয়ে যাচ্ছে। আজই কংগ্রেস এর তরফে ২৮৪ জন প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করা হয়েছে। অন্যদিকে শাসক দল বিরোধী দলগুলোর ইতিমধ্যেই তাদের অধিকাংশ প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে।

