নিট প্রশ্নফাঁসের অভিযোগকে ঘিরে আন্দোলন করা আন্দোলনকারীদের জন্য বড় স্বস্তির খবর। বিহারের পর এবার একই পথে হাঁটল অসম সরকারও। আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার এবং গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের মুক্তি দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার।
অসম সরকারের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত নিট আন্দোলনকে ঘিরে রাজ্যে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলাগুলিতে ১৩ জনকে গ্রেফতার করা হয়। এবার সেই সব মামলা প্রত্যাহারের আইনি প্রক্রিয়া শুরু হবে। পাশাপাশি, গ্রেফতার বা আটক হওয়া সকলকে দ্রুত মুক্তি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
সরকার আরও জানিয়েছে, নির্ধারিত সময়সীমার মধ্যে আন্দোলনে অংশ নেওয়া কোনও ব্যক্তি বা শিক্ষার্থীর বিরুদ্ধে ভবিষ্যতে নতুন করে কোনও শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি পদক্ষেপ নেওয়া হবে না। অর্থাৎ, এই আন্দোলনে অংশ নেওয়ার কারণে তাঁদের বিরুদ্ধে আর নতুন কোনও মামলা দায়ের করা হবে না।
উল্লেখ্য, এর আগে বিহার সরকারও নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও গ্রেফতারদের মুক্তির ঘোষণা করেছিল। এবার অসম সরকারের একই সিদ্ধান্তে আন্দোলনকারীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে বিহার ও অসমের এই পদক্ষেপের পর পশ্চিমবঙ্গ-সহ অন্য রাজ্যগুলিও একই ধরনের সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

