দিল্লিতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়া চলছে। এই প্রক্রিয়ায় ভোটারদের তথ্য আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই কয়েক লক্ষ ভোটারের তথ্য যাচাইয়ের জন্য নোটিস দেওয়া হয়েছে। সেই তালিকাতেই নাম রয়েছে দেশের প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং তাঁর স্ত্রী সুদেশ ধনখড়ের। প্রকাশিত তথ্য অনুযায়ী, তাঁদের ক্ষেত্রে নোটিসের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে Unmapped with Last SIR। যা মূলত বোঝায়
আগের SIR-এর সঙ্গে জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়ের ভোটার-তথ্যের যোগসূত্র পাওয়া যায়নি। এ ধরনের ক্ষেত্রে নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ভোটারদের নোটিস পাঠিয়ে নথিপত্র যাচাই করা হয়। প্রয়োজনীয় নথি যাচাই হয়ে গেলে তাঁদের ভোটার-তথ্যও চূড়ান্ত তালিকায় রাখা হবে।
জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রীই অবশ্য এই তালিকায় থাকা একমাত্র পরিচিত নাম নন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও SIR-এর নোটিস পেয়েছেন। কেজরিওয়ালের পাশাপাশি তাঁর স্ত্রী সুনীতা কেজরিওয়াল, ছেলে পুলকিত কেজরিওয়াল এবং তাঁর বাবা-মায়ের নামও ‘Unmapped with Last SIR’ শ্রেণিতে রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে।
কেজরিওয়ালকে নিয়ে এর মধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। আম আদমি পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল, তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তবে প্রকাশিত নির্বাচন দফতরের তথ্য অনুযায়ী, কেজরিওয়ালের নাম খসড়া ভোটার তালিকায় রয়েছে এবং তাঁকে নোটিস দেওয়া হয়েছে তথ্য যাচাইয়ের জন্য।
দিল্লি নির্বাচন দফতরের হিসাবে, খসড়া ভোটার তালিকায় থাকা প্রায় ৩৩.১৩ লক্ষ ভোটারের ক্ষেত্রে নোটিসের প্রয়োজন চিহ্নিত হয়েছে। এর মধ্যে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৩১.৬৩ লক্ষ নোটিস দেওয়া হয়েছিল। এই নোটিস মূলত দুই ধরনের—একটি ক্ষেত্রে ভোটারের তথ্য আগের SIR-এর তালিকার সঙ্গে ম্যাপ করা যায়নি, অন্য ক্ষেত্রে তথ্য ম্যাপ করা গেলেও নাম, জন্মতারিখ বা অন্যান্য বিবরণে অসঙ্গতি পাওয়া গিয়েছে।
গত ৩১ অগস্ট দিল্লির খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছিল। সেই তালিকায় মোট ৯৭,৫৩,৫৭৭ জন ভোটারের নাম রয়েছে। এর আগে ৩০ জুনের হিসাবে দিল্লির ভোটার সংখ্যা ছিল ১,৪৫,১০,২৯৯। অর্থাৎ SIR-এর খসড়া তালিকায় ভোটারের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে কমেছে। তবে বাদ পড়া নামগুলির ক্ষেত্রেও দাবি ও আপত্তি জানানোর সুযোগ রাখা হয়েছে।
উল্লেখ্য, দিল্লির এসআইআর- এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নির্ধারিত তারিখ ৪ নভেম্বর, ২০২৬।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
