বিহারের নালন্দা জেলার বিহার শরিফে অবস্থিত মাঘরা শীতলাষ্টমী মন্দিরে এক মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় অন্তত ৮ জন মহিলা ভক্তের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোরে চৈত্র মাসের শেষ মঙ্গলবার উপলক্ষে মন্দিরে বিশেষ পূজা ও ধর্মীয় আচার-অনুষ্ঠান চলাকালীন এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, পূজা দেওয়ার জন্য ভিড় যখন চরমে, ঠিক তখনই ভিড়ের মধ্যে হঠাৎ কোনো একটি গুজব ছড়িয়ে পড়ে। এই গুজবের জেরে পুণ্যার্থীদের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয় এবং হুড়োহুড়ি শুরু হয়ে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পদপিষ্টের ঘটনা ঘটে, যাতে ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন, যাঁদের দ্রুত উদ্ধার করে স্থানীয় মডেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। ঘটনার খবর পাওয়া মাত্রই জেলা প্রশাসনের পদস্থ কর্তারা এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। বর্তমানে মন্দির চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে।
পাশাপাশি বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বড়সড় আর্থিক সাহায্যের কথা জানিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকে মৃতদের পরিবারপিছু ৬ লক্ষ টাকা যা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে ৪ লক্ষ এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

