বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শেষ হওয়ার ঠিক পরদিনই বড়সড় স্বস্তি পেলেন তৃণমূলের ভোট কুশলী সংস্থা আই-প্যাকের (I-PAC) ডিরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্ডেল। কয়লা পাচার সংক্রান্ত একটি আর্থিক তছরুপের মামলায় আজ দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট তাঁর নিয়মিত জামিন মঞ্জুর করেছে।
আজ আদালতে শুনানির সময় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) বিনেশ চান্ডেলের জামিন আবেদনের কোনো বিরোধিতা করেনি। অতিরিক্ত জেলা জজ অমিত বনসল জানান যে, ইডি এই জামিন আবেদন চ্যালেঞ্জ না করায় ‘পিএমএলএ’ (PMLA) আইনের কড়া শর্তগুলো এই ক্ষেত্রে আর বাধা হয়ে দাঁড়ায়নি। তদন্তকারী সংস্থাটি আদালতকে জানিয়েছে যে, বিনেশ চান্ডেল ১০ দিনের হেফাজত চলাকালীন তদন্তে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
গত ১৩ই এপ্রিল ইডি বিনেশ চান্ডেলকে গ্রেপ্তার করেছিল। অভিযোগ ছিল, পশ্চিমবঙ্গের কয়লা খনি থেকে চুরি হওয়া প্রায় ২০ কোটি টাকা হাওলা চ্যানেলের মাধ্যমে আই-প্যাকের তহবিলে প্রবেশ করেছে। নির্বাচনের ঠিক আগে এই গ্রেপ্তারির ঘটনায় সরব হয়েছিল তৃণমূল, যা নিয়ে রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর শুরু হয়। এর আগে গত মঙ্গলবার তিনি তাঁর মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিলেন, যা আদালত তখন নাকচ করে দিয়েছিল।
তবে আজ দিল্লি আদালতে যখন তাঁর জামিনের শুনানি হয়, তখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি তাঁর জামিন আবেদনের কোনো বিরোধিতা করেনি। ফলে আদালত সহজেই বিনেশ চান্ডেলের জামিন মঞ্জুর করে।
