মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির পার্লামেন্ট স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার তিনি থানায় অভিযোগ জমা দেন। অভিযোগের কপিও নিজের সমাজমাধ্যমের পোস্টে প্রকাশ করেছেন তিনি।
অভিযোগের পর জ্ঞানেশ কুমারকে নিশানা করে পোস্ট করেন মহুয়া। সেখানে তিনি জ্ঞানেশ কুমারকে ‘চোর’ বলে উল্লেখ করেন। তাঁর অভিযোগ, অন্য দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই জ্ঞানেশ কুমার একাধিক সিদ্ধান্ত নিয়েছেন।
মহুয়ার আরও অভিযোগ, প্রকৃত ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত করা নির্বাচন কমিশনের সরকারি দায়িত্বের মধ্যে পড়ে না। এই ধরনের কাজের জন্য জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলেও দাবি করেছেন তিনি।
ভোটার তালিকা এবং এসআইআর প্রক্রিয়া নিয়েও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন মহুয়া। তাঁর দাবি, নিয়ম পরিবর্তন না করেই ভোটারদের কাছ থেকে নতুন তথ্য চাওয়া হয়েছে।
এর আগে ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদনে দাবি করা হয়, গত ১০ মাসে নির্বাচন কমিশনের ১৪টি সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশী আপত্তি জানিয়েছিলেন। এই প্রতিবেদন প্রকাশের পর নির্বাচন কমিশনের অন্দরমহলের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন ওঠে।
যদিও নির্বাচন কমিশনের দাবি, চূড়ান্ত সিদ্ধান্তগুলি পূর্ণ কমিশনের ঐকমত্যের ভিত্তিতেই নেওয়া হয়েছে। কমিশনের বক্তব্য, সিদ্ধান্ত নেওয়ার সময় ভিন্ন মত থাকা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।
মহুয়ার অভিযোগের পর এবার এই ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ কী হয়, সেদিকেই নজর দেশবাসীর।



প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
