পশ্চিমবঙ্গের মুখ্যসচিব তথা প্রাক্তন মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ কুমার আগরওয়ালের পাঠানো ১০ কোটি টাকার মানহানির আইনি নোটিসের জবাবে পাল্টা কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। সমাজমাধ্যমে পোস্ট করে মনোজকে নিশানা করেছেন তিনি। মহুয়ার দাবি, বিজয় চকে ৩০০ জন সাংসদ একজোট হয়ে তাঁর ‘বিগ ড্যাডি’কে চোর বলেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকেও বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তৃণমূল সাংসদ।
মহুয়া তাঁর পোস্টে মনোজ আগরওয়ালকে উদ্দেশ করে লেখেন, ‘আপনার বিগ ড্যাডি একজন চোর, যিনি জেলে যাবেন।’ এরপরই মনোজের পাঠানো মানহানির নোটিস নিয়ে কটাক্ষ করেন তিনি। নোটিস নিয়ে মনোজকে যা খুশি করার চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন মহুয়া। তাঁর এই পোস্ট ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।
উল্লেখ্য, সমাজমাধ্যমে মনোজ আগরওয়ালকে ‘ভোটচোর’ বলে কটাক্ষ করার অভিযোগে মহুয়া মৈত্রকে আইনি নোটিস পাঠানো হয়েছে। নোটিসে ২৪ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট দু’টি পোস্ট মুছে ফেলা, নিঃশর্তে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এ ধরনের মন্তব্য না করার লিখিত প্রতিশ্রুতি দিতে বলা হয়েছে। পাশাপাশি, মানহানির ক্ষতিপূরণ হিসেবে ১০ কোটি টাকা এবং আইনি ও আনুষঙ্গিক খরচ বাবদ আরও ৫০ হাজার টাকা দাবি করা হয়েছে।
মনোজ আগরওয়ালের অভিযোগ, মহুয়ার মন্তব্যে তাঁর সততা, পেশাগত দক্ষতা ও সামাজিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে, মহুয়ার বক্তব্য ছিল, বাংলায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বহু বৈধ ভোটারের ভোটাধিকার কেড়ে নেওয়ার জন্য মনোজ দায়ী। যদিও মনোজের আইনজীবীর দাবি, তিনি আইন ও নির্বাচন কমিশনের নির্দেশ মেনেই নিজের সরকারি দায়িত্ব পালন করেছেন।
আইনি নোটিসে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলি পূরণ না হলে মহুয়ার বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি আইনি পদক্ষেপ করা হতে পারে। তবে এই নোটিসের পর মহুয়ার পাল্টা পোস্টের জেরে দুই পক্ষের সংঘাত কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
