নিট ইউজি (NEET UG) পরীক্ষার রেজাল্ট প্রকাশের পর থেকেই ওএমআর (OMR) শিট নিয়ে বিতর্ক ক্রমশ দানা বাঁধছে। সোশ্যাল মিডিয়া জুড়ে সরব হয়েছেন পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি, ওএমআর শিটে মিলিয়ে দেখা নম্বরের সঙ্গে মূল রেজাল্টের নম্বরে বিস্তর ফারাক রয়েছে। এই বিতর্কের মাঝেই এবার আসরে নামল পরীক্ষা নিয়ামক সংস্থা তথা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।
এনটিএ জানিয়েছে, তাদের কাছে আসা প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তবে যাচাই করতে গিয়ে দেখা যাচ্ছে, স্ক্রুটিনির জন্য জমা পড়া অনেক OMR শিটই ভুয়ো বা কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে বানানো হয়েছে।
এদিন এনটিএ (NTA) টুইট করে একটি পোস্টে জানিয়েছে, পরীক্ষার্থী ও অভিভাবকদের শুধুমাত্র আসল OMR শিট জমা দেওয়া উচিত। ভুয়ো বা AI তৈরি OMR জমা দিলে সেই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেয়।
এবারের NEET UG পরীক্ষা প্রশ্নফাঁসের অভিযোগের জেরে পুনরায় ২১ জুন অনুষ্ঠিত হয়। এরপর ১৩ জুলাই পরীক্ষার্থীদের OMR শিট এবং স্ক্যান করা উত্তরপত্র অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পরীক্ষার্থীদের জানানো হয়, স্ক্যান করা উত্তরপত্রে কোনও ভুল বা OMR-এ চিহ্নিত উত্তরের সঙ্গে রেকর্ড করা তথ্যের গরমিল থাকলে ১৫ জুলাই পর্যন্ত নির্দিষ্ট ফি দিয়ে অনলাইনে আপত্তি জানানো যাবে।
পরীক্ষার পর প্রকাশিত প্রভিশনাল উত্তরসূচি নিয়েও ১০ হাজারের বেশি আপত্তি জমা পড়েছিল বলে জানায় NTA। বিশেষজ্ঞদের পর্যালোচনার পর ১৬ জুলাই চূড়ান্ত উত্তরসূচি প্রকাশ করা হয়। একই দিন ঘোষণা করা হয় NEET UG 2026 রেজাল্ট।

