UGC NET June 2026 পরীক্ষার্থীদের জন্য বড় আপডেট। ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা এই তিনটি বিষয়ের পরীক্ষা আবার নেবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। প্রশ্নপত্রে একাধিক ধরনের ত্রুটি নিয়ে পরীক্ষার্থীদের কাছ থেকে অভিযোগ পাওয়ার পর একটি কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখেছিল NTA। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই পুনরায় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
NTA-র ১৬ আগস্ট ২০২৬ এর Public Notice অনুযায়ী, UGC NET June 2026 পরীক্ষা ২২ থেকে ৩০ জুন পর্যন্ত মোট ৮৭টি বিষয়ে নেয়। এর মধ্যে ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যার প্রশ্নপত্র নিয়ে একাধিক অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলি খতিয়ে দেখতে কমিটি গঠন করে NTA।
NTA জানিয়েছে, কমিটির পর্যালোচনায় এই তিনটি সাবজেক্টের প্রশ্নপত্রে একাধিক তথ্যগত, মুদ্রণগত এবং অনুবাদজনিত ভুল ধরা পড়েছে। শুধু তাই নয়, বিশিষ্ট শিক্ষাবিদদের নামের বানান ভুল, বইয়ের নাম বিকৃত হয়ে যাওয়া, প্রশ্নের ভাষা বা প্রশ্নের মূল অংশে (stem) ত্রুটি, ব্যাকরণগত ভুল, লিঙ্গ ও বচনের সামঞ্জস্যের সমস্যা এবং যতিচিহ্নের ভুলও পাওয়া গিয়েছে। এছাড়াও প্রচলিত বা প্রতিষ্ঠিত ধারণার ক্ষেত্রে অপ্রচলিত শব্দের ব্যবহার করা হয়েছিল বলেও কমিটির রিপোর্টে উল্লেখ করে।
জানা গেছে, আগে যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার প্রশ্ন গুলো উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন আবারও চলতি বছরের প্রশ্নপত্রে দেওয়া হয়েছে। এই সমস্ত ত্রুটিকে সামগ্রিকভাবে বিবেচনা করে কমিটি মনে করেছে, একটি নিরপেক্ষ ও ত্রুটিমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে এই তিনটি বিষয়ের পরীক্ষা নতুন করে নেওয়া দরকার।
NTA-র বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, প্রশ্নপত্রে এই মাত্রার ত্রুটি থাকলে শুধুমাত্র Answer Key Challenge এর পরে কিছু প্রশ্ন বাদ দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব নয়। এই কারণে ইংরেজি, কমার্স এবং সমাজবিদ্যা তিনটি সাবজেক্টের পরীক্ষা সম্পূর্ণভাবে Re-conduct করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কবে হবে নতুন করে পরীক্ষা?
NTA ইতিমধ্যেই তিনটি সাবজেক্টের জন্য নতুন করে পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে।
ইংরেজি: ৯ সেপ্টেম্বর ২০২৬, শিফট ১, সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
কমার্স: ৯ সেপ্টেম্বর ২০২৬, শিফট ২, বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা।
সমাজবিদ্যা: ১০ সেপ্টেম্বর ২০২৬, শিফট ১, সকাল ৯টা থেকে দুপুর ১২টা।
পরীক্ষার্থীদের কাছ থেকে এরজন্য নতুন করে ফি নেবে না। এই তিনটি সাবজেক্টের যেসব পরীক্ষার্থী ফের পরীক্ষায় বসবেন, তাঁদের কাছ থেকে কোনও ফি নেবে না বলে জানিয়েছে NTA।
নতুন করে পরীক্ষাকেন্দ্র এবং Admit Card সংক্রান্ত তথ্য এনটিএ এখনও প্রকাশ করেনি। এছাড়াও এনটিএ বলে, এই পুনরায় পরীক্ষার জন্য বাকি সাবজেক্টের পরীক্ষার ফল ও ভর্তি সংক্রান্ত কোনো কাজ পিছিয়ে যাবে না।

