পাসপোর্ট থাকলেই কেউ বিদেশে চলে যাবেন, এমন ধারণা করা যায় না। একইভাবে, কোনও ব্যক্তি ফৌজদারি মামলায় অভিযুক্ত হলেই তাঁকে পাসপোর্ট পাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এমনই কথা বললেন কলকাতা হাইকোর্ট। এক ব্যক্তির পাসপোর্ট নবীকরণ সংক্রান্ত মামলায় পাসপোর্ট কর্তৃপক্ষের এক বছরের মেয়াদের সিদ্ধান্ত বাতিল করে স্বাভাবিক নিয়মে ১০ বছরের জন্য পাসপোর্ট নবীকরণের নির্দেশ দিয়েছে আদালত।
বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ জানায়, পাসপোর্ট বিদেশ ভ্রমণের অনুমতিপত্র নয়; এটি একজন নাগরিকের পরিচয় বহনকারী সরকারি নথি। তাই কেউ পাসপোর্ট তৈরি করেছেন বা তাঁর কাছে পাসপোর্ট রয়েছে বলেই তিনি বিদেশে পালিয়ে যাবেন এমন অনুমান করে তাঁর অধিকার সীমিত করা যায় না।
মামলার আবেদনকারী অমিত কুমার আগরওয়ালের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (পিএমএলএ) এর অধীনে দুটি মামলা ঝাড়খণ্ডের রাঁচির বিশেষ আদালতে বিচারাধীন। সেই সময়েই তাঁর পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর নবীকরণের অনুমতি চেয়ে তিনি বিশেষ আদালতের দ্বারস্থ হন।
বিশেষ আদালত পাসপোর্ট নবীকরণের অনুমতি দিলেও কয়েকটি শর্ত আরোপ করে। আদালতের অনুমতি ছাড়া বিদেশে যাওয়া যাবে না, ১০ লক্ষ টাকার ইনডেমনিটি বন্ড ও সমমূল্যের সম্পত্তির নথি জমা দিতে হবে এবং নবীকৃত পাসপোর্ট পাঁচ দিনের মধ্যে আদালতে জমা দিতে হবে এমন নির্দেশ দেওয়া হয়।
কিন্তু পাসপোর্ট কর্তৃপক্ষ জানায়, আদালত পাসপোর্টের মেয়াদ নির্দিষ্ট না করায় তাঁকে মাত্র এক বছরের জন্য পাসপোর্ট দেওয়া হবে। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে আবেদন করেন অমিত কুমার আগরওয়াল। তাঁর দাবি ছিল, প্রাপ্তবয়স্ক নাগরিকদের ক্ষেত্রে সাধারণ নিয়মে পাসপোর্টের মেয়াদ ১০ বছর। তাই এক বছরের পাসপোর্ট দেওয়ার সিদ্ধান্ত আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
শুনানিতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ১৯৯৩ সালের একটি বিজ্ঞপ্তির উল্লেখ করে জানানো হয়, আদালত মেয়াদ নির্দিষ্ট না করলে এক বছরের পাসপোর্ট দেওয়ার বিধান রয়েছে। তবে সেই ব্যাখ্যায় সায় দেয়নি হাইকোর্ট।
আদালত পর্যবেক্ষণে জানায়, বিদেশ ভ্রমণের অনুমতি দেওয়া বা না দেওয়া বিচারাধীন আদালতের বিষয়। কিন্তু পাসপোর্টের মেয়াদ নির্ধারণ করা সম্পূর্ণভাবে পাসপোর্ট কর্তৃপক্ষের প্রশাসনিক দায়িত্ব। প্রতি বছর নবীকরণের জন্য আদালতের দ্বারস্থ হতে বাধ্য করা অযৌক্তিক এবং এতে বিচারব্যবস্থার ওপরও অপ্রয়োজনীয় চাপ তৈরি হয়।
ফলে হাইকোর্ট নির্দেশ দেয়, আবেদনকারীর পাসপোর্ট তিন সপ্তাহের মধ্যে ১০ বছরের জন্য নবীকরণ করতে হবে। তবে বিদেশ ভ্রমণের আগে তাঁকে সংশ্লিষ্ট বিশেষ আদালতের অনুমতি নিতে হবে এবং আদালতের আরোপিত সব শর্ত মেনে চলতে হবে।

