নিছকই ভোটার তালিকা সংশোধন, নাকি নেপথ্যে কাজ করছে অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণ? পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ীর রাবণ দহন মাঠের জনসভা থেকে এই প্রশ্নই উস্কে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাফ অভিযোগ, বর্তমানে যা এসআইআর (SIR) বা স্পেশাল ইনটেনসিভ রিভিশন নামে চালানো হচ্ছে, তা আসলে একটি বড় মাপের ‘স্ক্যাম’ বা জালিয়াতি। এই প্রক্রিয়ার আড়ালে বিজেপিকে একক প্রচেষ্টায় ক্ষমতায় আনার ছক কষা হচ্ছে বলেও তোপ দাগেন তিনি।
এদিন কেশিয়াড়ীর সভা থেকে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এসআইআর একটা স্ক্যাম, এটা এসআইআর নয়। বিজেপিকে ক্ষমতায় আনার জন্য এটা একটা একক প্রচেষ্টা।” তাঁর অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে বারংবার সরকারি দপ্তরে বা শুনানির লাইনে দাঁড় করিয়ে রাখা হচ্ছে। তৃণমূল নেত্রীর কথায়, মানুষকে এভাবে লাইনে দাঁড় করিয়ে রাখা মানে তাঁদের চরম অসম্মান করা। আজকেও মানুষকে অ্যাডজুডিকেশনের (Adjudication) লাইনে দাঁড়িয়ে প্রমাণ দিতে হচ্ছে যে তাঁরা এই দেশেরই মানুষ।
এছাড়াও এদিন উক্ত সভা থেকে এসআইআর এর নামে নাম বাদ পড়ার বিষয়ে চাঞ্চল্যকর পরিসংখ্যান তুলে ধরেন মমতা। তাঁর দাবি, এই এসআইআর এর ফলে ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে প্রায় ৬০ লক্ষ হিন্দুর।একইভাবে নাম কেটে দেওয়া হয়েছে প্রায় ৩০ লক্ষ মুসলিমদের।
এদিন তৃণমূল নেত্রী মমতা আদিবাসীদের উপর অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠে। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়েও কটাক্ষ করেছেন মমতা।
