কোচবিহারের দিনহাটায় নাবালিকাকে নৃশংসভাবে খুন করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সন্ধ্যায় দিনহাটার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পাটক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে এই নিথর দেহ উদ্ধারের পাশবিক ঘটনায় তীব্র ক্ষোভে ফুঁসছে গোটা এলাকা। তবে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই পুলিশি তৎপরতায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত গৃহশিক্ষককে। ধৃত যুবকের নাম সফিকুল শেখ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনার নেপথ্যে অন্য কোনো মাথা কাজ করছে কি না, তা খতিয়ে দেখছে সাহেবগঞ্জ থানার পুলিশ।
জানা গিয়েছে, বুধবার সকালে দিনহাটার ওই নাবালিকা সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সন্ধ্যে নাগাদ বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি নির্জন পাটক্ষেতের ভেতর নাবালিকার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাহেবগঞ্জ থানার পুলিশ বাহিনী। তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
উদ্ধারের সময় নাবালিকার গলায় লেগিংস জড়ানো অবস্থায় ছিল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, তাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। গ্রামবাসীদের অনুমান, নাবালিকাকে ধর্ষণ করেই খুন করা হয়েছে।
তবে এই নৃশংস হত্যাকাণ্ডের পর স্বাভাবিকভাবেই তপ্ত হয়ে উঠেছে জেলার রাজনৈতিক মহল। আজ সকালেই দিনহাটার বিজেপি বিধায়ক অজয় রায় নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দোষীদের কঠোরতম শাস্তির দাবি করেন।
