পশ্চিমবঙ্গে নতুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট আজ বিধানসভায় পেশ করা হয়েছে। বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেন।
তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষকরা নানা ধরনের ঝুঁকি ও সংকটের মুখোমুখি হচ্ছেন। অনিয়মিত বৃষ্টি, খরা, বন্যা এবং উৎপাদন খরচ বৃদ্ধির কারণে কৃষিকাজে বাড়তি চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের আর্থিক সুরক্ষা বাড়াতে কেন্দ্রের ১০০ শতাংশ অর্থায়নে PM-KISAN (প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি) প্রকল্প ইতিমধ্যেই চালু রয়েছে। এই প্রকল্পে যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা পান, যা তিনটি সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়।
আজকের বাজেটে অর্থমন্ত্রী ঘোষণা করেন, এই প্রকল্পের পাশাপাশি রাজ্যের তরফে যোগ্য কৃষক পরিবারকে প্রতি বছর অতিরিক্ত ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
সরকারের দাবি, এই অতিরিক্ত সহায়তা কৃষকদের চাষাবাদের খরচ যেমন বীজ, সার এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে সাহায্য করবে।
এছাড়াও কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসলবিমা যোজনা (Pradhan Mantri Fasal Bima Yojana) রাজ্যে আরও কার্যকরভাবে চালু করার ঘোষণা করা হয়েছে। ২০২৬ সালের খারিফ মরশুম থেকে রাজ্যের ১৬টি প্রধান ফসল এই বীমা সুরক্ষার আওতায় আনা হবে বলে জানানো হয়েছে।

