বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও এক ধাপ পিছিয়ে গেল ভারত। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর পঞ্চম বার্ষিক সংস্করণে বিশ্বের ১৯৭টি দেশ ও অঞ্চলের মধ্যে ভারতের স্থান হয়েছে ১২৫তম। গত বছর এই তালিকায় ভারতের অবস্থান ছিল ১২৪তম। ফলে এক বছরের ব্যবধানে ভারতীয় পাসপোর্টের র্যাঙ্কিং আরও এক ধাপ নেমে এসেছে।
তবে, বর্তমানে ভারতীয় পাসপোর্ট থাকলে মাত্র ২৬টি দেশে ভিসা ছাড়াই বা সহজ শর্তে প্রবেশ করতে পারবেন। এই তালিকায় রয়েছে ভুটান, নেপাল, জামাইকা, ম্যাকাউ, প্যালেস্টাইন, টিউনিসিয়া, অ্যাঙ্গোলাসহ কয়েকটি দেশ। তবে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, সংযুক্ত আরব আমিরশাহি, চিন-সহ বিশ্বের বহু গুরুত্বপূর্ণ দেশ ঘুরতে গেলে লাগবে ভিসা।
তবে এই তালিকায় শুধুমাত্র ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগের ভিত্তিতে তৈরি হয়নি। গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স একটি দেশের পাসপোর্টের সামগ্রিক শক্তি নির্ধারণ করতে আন্তর্জাতিক চলাচলের স্বাধীনতা (মোবিলিটি), বিদেশে বিনিয়োগের সুযোগ এবং জীবনযাত্রার মান এই তিনটি বিষয়কে গুরুত্ব দেয়। মোট ১৪টি তালিকার ভিত্তিতে মূল্যায়ন করা হয়, যেখানে মোবিলিটির গুরুত্ব ৫০ শতাংশ এবং বিনিয়োগ ও জীবনযাত্রার মানের গুরুত্ব ২৫ শতাংশ করে।
যদিও সামগ্রিক র্যাঙ্কিংয়ে ভারত এক ধাপ পিছিয়েছে, তবুও তাঁদের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে দেশের কম্পোজিট স্কোর ৪৫.১, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি জীবনযাত্রার মানের তালিকায় ভারত গত বছরের তুলনায় ১১ ধাপ এগিয়ে ১১৮তম স্থানে উঠে এসেছে।
এবারের বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারতের ঠিক উপরে রয়েছে নামিবিয়া ১২৪তম স্থানে এবং ঠিক নিচে রয়েছে আজারবাইজান ১২৬তম স্থানে। অন্যদিকে, গ্লোবাল পাসপোর্ট ইনডেক্স ২০২৬ এর তালিকায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের শীর্ষস্থান দখল করেছে সুইডেন। প্রথম দশে আরও রয়েছে সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস, ডেনমার্ক, আয়ারল্যান্ড, ব্রিটেন, নরওয়ে এবং সিঙ্গাপুর।
উল্লেখযোগ্য যে, বিশ্বের শক্তিশালী পাসপোর্টের টপ ১০ দেশের মধ্যে ৯টিই ইউরোপের, যা এই তালিকায় ইউরোপীয় দেশগুলির স্পষ্ট আধিপত্যকে তুলে ধরেছে। শুধুমাত্র সিঙ্গাপুর ব্যতিক্রম।

