রাজ্যের বেকার যুবক-যুবতী এবং চাকরিপ্রার্থীদের জন্য অত্যন্ত খুশির খবর। রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে এক বড়সড় পদক্ষেপের ঘোষণা করল রাজ্য সরকার। আগামী ১৫ জুলাইয়ের পর রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে শূন্যপদ পূরণের জন্য নতুন ও ব্যাপক কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে বলে জানিয়েছে রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাঃ শারদদত্ত মুখোপাধ্যায়।
এই নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পরেই ধাপে ধাপে নিয়োগের অফিশিয়াল বিজ্ঞপ্তি বা বিজ্ঞাপন প্রকাশ করাও হবে জানান তিনি।
জানা গিয়েছে, এবারের নিয়োগ প্রক্রিয়ায় মূলত ডাক্তার (Doctors) এবং নার্স বা সেবিকা (Nurses) পদের ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল, জেলা ও মহকুমা হাসপাতাল এবং গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলিতে যে সমস্ত শূন্যপদ তৈরি হয়েছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে তা দ্রুত পূরণ করা হবে।
এর পাশাপাশি, রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে আরও একটি ঐতিহাসিক পরিবর্তন ঘটতে চলেছে আগামী ১৫ জুলাই থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার আগামী ১৫ জুলাই থেকে রাজ্য আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চিকিৎসা বিমা প্রকল্প আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
