ইতালির স্কুলে বোরকা ও নেকাব নিষিদ্ধ করার পাশাপাশি বিদেশি পড়ুয়াদের সংখ্যাও বেঁধে দিতে চলেছে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার। একইসঙ্গে ইতালির স্কুলে পড়তে গিয়ে ভাষা বা মানিয়ে নেওয়ার ক্ষেত্রে সমস্যায় থাকা বিদেশি পড়ুয়াদের বাবা-মাকে ইতালীয় ভাষা শেখানোর নিয়মও আনা হতে পারে।
রবিবার নিজের দল ‘ব্রাদার্স অব ইতালি’র যুব শাখার একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন মেলোনি। তিনি জানান, একটি শ্রেণিকক্ষে সর্বোচ্চ কতজন বিদেশি পড়ুয়া থাকতে পারবেন, তা ঠিক করে দেওয়া হবে। এই নিয়ে শিগগিরই মন্ত্রিসভায় প্রস্তাব আনা হবে।
মেলোনি বলেন, যে বিদেশি পড়ুয়ারা ইতালির স্কুলের সঙ্গে মানিয়ে নিতে বড় সমস্যায় পড়ছে, তাদের বাবা-মাকেও ইতালীয় ভাষা শিখতে হবে। তাঁর বক্তব্য, ইতালিতে এসে থাকতে ও ভবিষ্যৎ গড়তে হলে সেখানকার ভাষা ও নিয়মকানুন জানা জরুরি।
বোরকা ও নেকাব নিয়েও কড়া পদক্ষেপের কথা জানিয়েছেন মেলোনি। স্কুলে এই দুই ধরনের পোশাক নিষিদ্ধ করার প্রস্তাবও নতুন নিয়মের মধ্যে রাখা হচ্ছে। তবে হিজাব নিষিদ্ধ করার কথা তিনি বলেননি।
ইতালিতে এখন স্কুলে বোরকা বা নেকাব নিষিদ্ধ করে আলাদা কোনও আইন নেই। তবে ১৯৭৫ সালের একটি আইনে অকারণে মুখ ঢেকে রাখা নিয়ে বিধিনিষেধ রয়েছে। পরে ২০০৮ সালে দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত জানায়, ধর্মীয় বা সাংস্কৃতিক কারণে মুখ ঢাকা পোশাক পরা যেতে পারে। তবে পরিচয় যাচাই করার প্রয়োজন হলে মুখ দেখাতে হবে।
বিদেশি পড়ুয়াদের সংখ্যা নিয়েও ইতালিতে আগে থেকেই নিয়ম রয়েছে। ২০১০ সাল থেকে সাধারণভাবে কোনও ক্লাসে বিদেশি পড়ুয়ার সংখ্যা ৩০ শতাংশের বেশি না রাখার নিয়ম চালু রয়েছে। তবে ইতালীয় ভাষায় ভালোভাবে কথা বলতে পারা পড়ুয়াদের ক্ষেত্রে এই সীমা বাড়ানো যায়। নতুন নিয়মে এই ব্যবস্থায় কী পরিবর্তন হবে, তা এখনও পরিষ্কার নয়।
ইতালির সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশটির স্কুলগুলিতে মোট পড়ুয়ার প্রায় ১২ শতাংশ বিদেশি। বিদেশি পড়ুয়াদের মধ্যে রোমানিয়ার সংখ্যা সবচেয়ে বেশি। এরপর রয়েছে আলবেনিয়া, চিন ও ইরান। ভারত থেকেও বহু পড়ুয়া ইতালিতে পড়াশোনা করেন।
এর আগে জুলাই মাসে ইতালির একটি ডানপন্থী দলও স্কুলে বোরকা ব্যবহারের ওপর কড়াকড়ি করার দাবি জানিয়েছিল। মেলোনির জোটসঙ্গী লিগ পার্টিও মুখ ঢাকা পোশাক নিয়ে চলতি বছরের শুরুতে একটি বিল এনেছিল।
আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে অভিবাসন এবং বিদেশিদের ইতালির সমাজের সঙ্গে মানিয়ে নেওয়ার বিষয়টি দেশটির রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই আবহেই মেলোনির এই নতুন ঘোষণাগুলি সামনে এল।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
