টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন। বৃহস্পতিবার তিনি রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণণের কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। এই সিদ্ধান্তের পর থেকেই রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর চর্চা। কারণ, এর আগে তৃণমূলের টিকিটে নির্বাচিত সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইকও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হল কোয়েল মল্লিকের নাম।
কোয়েলের ইস্তফার পর সবচেয়ে বেশি যে প্রশ্নটি উঠছে, তা হল তিনি কি এবার বিজেপিতে যোগ দিতে চলেছেন? এই জল্পনা আরও জোরালো হয়েছে একটি ঘটনার পর। সাংসদ পদ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তাঁকে নয়াদিল্লিতে কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী তথা পশ্চিমবঙ্গে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদবের বাসভবনে যেতে দেখা যায়। সেই বৈঠকের ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোয়েল মল্লিক বা বিজেপির পক্ষ থেকে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
উল্লেখ্য, ২০২৬ সালের রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কোয়েল মল্লিককে প্রার্থী করে। এপ্রিল মাসে তিনি দিল্লিতে গিয়ে সাংসদ হিসেবে শপথ নেন। শপথের পর তিনি বলেছিলেন, দেশের সেবা ও মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তাঁর কাছে অত্যন্ত সম্মানের। তবে শপথ নেওয়ার পর কোনও অধিবেশনেই তাঁকে উপস্থিত থাকতে দেখা যায়নি। কয়েক মাসের মধ্যেই তাঁর ইস্তফা স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
রাজনীতিতে কোয়েলের প্রবেশও ছিল অনেকের কাছে অপ্রত্যাশিত। কারণ, এর আগে তাঁকে কখনও সক্রিয় রাজনৈতিক ভূমিকা নিতে দেখা যায়নি। তবুও তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত নিয়ে তিনি বলেছিলেন, মানুষের জন্য কাজ করার সুযোগই তাঁকে এই দায়িত্ব গ্রহণে উৎসাহিত করেছে। সেই সময় তাঁর বাবা, প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকও মেয়ের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বলেছিলেন, কোয়েল যথেষ্ট ম্যাচুয়োর এবং দায়িত্বশীল। তিনি বিশ্বাস করেন, মেয়ে সৎভাবে নিজের দায়িত্ব পালন করবে।
