রাজ্যের স্কুলগুলির মিড-ডে মিল ব্যবস্থা নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, আগামী ১ আগস্ট থেকে কলকাতার সরকারি স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড-ডে মিল রান্না ও বিতরণ শুরু হবে। এটি প্রথমে পাইলট প্রকল্প হিসেবে চালু করা হবে। এরপর পর্যায়ক্রমে নদিয়া এবং রাজ্যের অন্যান্য জেলাতেও এই ব্যবস্থা চালুর পরিকল্পনা রয়েছে বলে জানান এদিন। এছাড়াও গোটা রাজ্যের সরকারি স্কুলগুলির মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেবে রাজ্য সরকার এ কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই।
বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের মেচেদায় ইসকনের রথযাত্রা উৎসবে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের সঙ্গে ইসকনের প্রাথমিক সমঝোতা ইতিমধ্যেই হয়েছে। তাঁর কথায়, সাধারণ পরিবারের লক্ষ লক্ষ ছাত্রছাত্রী প্রতিদিন মিড-ডে মিলের ওপর নির্ভরশীল। তাই তাদের কাছে উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, কলকাতায় প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে ধাপে ধাপে রাজ্যের সব জেলাতেই তা চালু করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের রাজ্য বাজেটেই কলকাতার স্কুলগুলিতে ইসকনের মাধ্যমে মিড-ডে মিল পরিচালনার ঘোষণা করা হয়েছিল। পাশাপাশি প্রাথমিক স্তরের পড়ুয়াদের জন্য মিড-ডে মিলে মাথাপিছু দৈনিক বরাদ্দও ১০ টাকায় বাড়ানো হয়। মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক ঘোষণার পর স্পষ্ট যে, সরকার এবার রাজ্যজুড়ে মিড-ডে মিলের দায়িত্ব ইসকনের হাতে তুলে দেবে বলে জানা যায়।
