সরকারি গাড়ির ব্যবহার নিয়ে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রের বিজেপি সরকার। এবার থেকে কোনও সরকারি আধিকারিক একটির বেশি সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ, একজন অফিসারের জন্য বরাদ্দ হবে মাত্র একটি সরকারি গাড়ি। তিনি একসঙ্গে একাধিক মন্ত্রক, বিভাগ বা সরকারি সংস্থার দায়িত্বে থাকলেও আলাদা করে আর একটি গাড়ি দেওয়া হবে না। সরকারি খরচ কমানো এবং গাড়ির অপব্যবহার রুখতেই এই নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক।
সম্প্রতি অর্থ মন্ত্রকের ব্যয় বিভাগ (Department of Expenditure) এই নির্দেশিকা প্রকাশ করেছে। তাতে দেশের সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক ও বিভাগকে নতুন নিয়ম মেনে চলতে বলা হয়েছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে, কোনও আধিকারিক যদি তাঁর মূল পদের জন্য সরকারি গাড়ি পান, তাহলে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণ দেখিয়ে আর একটি সরকারি গাড়ি দাবি করতে পারবে না।
এছাড়াও বলা হয়েছে, সরকারি সফরে না থাকলে কোনও কেন্দ্রীয় সরকারি আধিকারিক সরকারি সংস্থা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) বা স্বশাসিত প্রতিষ্ঠানের স্টাফ কার নিজের ব্যবহারের জন্য রাখতে পারবে না। যে সরকারি গাড়িগুলি ব্যবহার করা হচ্ছে না, সেগুলিও সঠিকভাবে সংরক্ষণ করার নির্দেশ দিয়েছে।
কেন্দ্রে দাবি করেছে, এই সিদ্ধান্তের ফলে সরকারি গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার কমবে এবং জনগণের করের টাকার অপচয়ও রোধ করা যাবে। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল, একাধিক দফতরের দায়িত্বে থাকা কিছু আধিকারিক একাধিক সরকারি গাড়ি ব্যবহার করছেন। নতুন নিয়ম চালু হলে সেই সুযোগ আর থাকবে না।
উল্লেখ্য, সরকারি গাড়ি ব্যবহারের বিষয়ে ২০২২ সালেও একটি নির্দেশিকা জারি করা হয়েছিল। এবার সেই নিয়ম আরও কঠোরভাবে কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

