ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য এসেছে বড় সুখবর। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন (সল্ট লেক স্টেডিয়াম) এ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
এটি ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত। ১৯৯২ সালে ফিফা র্যাঙ্কিং চালু হওয়ার পর এত উঁচু র্যাঙ্কিংয়ে থাকা কোনো দলের বিপক্ষে এই প্রথম খেলতে নামবে ভারত। বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান পঞ্চম।
AIFF এর ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ বলেন, ব্রাজিলের মতো বিশ্বমানের একটি দলকে ভারতে স্বাগত জানাতে পারা অত্যন্ত গর্বের বিষয়। তাঁর মতে, এই ম্যাচ ভারতীয় ফুটবলের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।
ভারতীয় দলের পরিচালক সুব্রত পালও এই ম্যাচকে বড় সুযোগ হিসেবে দেখছেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ভারতীয় ফুটবলারদের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে সাহায্য করবে।
ব্রাজিল ফুটবল কনফেডারেশন (CBF) জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর টাউনসভিল এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার পর ব্রাজিল দল ভারতে আসবে। এরপর ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। ইতিহাসে এই প্রথম ভারতের মাটিতে খেলবে ব্রাজিলের সিনিয়র পুরুষ ফুটবল দল।
বিশ্বজুড়ে ব্রাজিলের যেমন কোটি কোটি সমর্থক রয়েছে, তেমনি ভারতেও, বিশেষ করে কলকাতায়, ব্রাজিলের জনপ্রিয়তা বরাবরই চোখে পড়ার মতো।
এবিষয়ে প্রতিক্রিয়া হিসেবে ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন, ভারতে স্বাগতম, কলকাতায় স্বাগতম, আনন্দের শহরে স্বাগতম। এখানে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ, ভালোবাসা এবং জীবনেরই একটি অংশ।
উল্লেখ্য, ২০১১ সালে একই স্টেডিয়ামে আর্জেন্টিনার হয়ে খেলেছিলেন লিওনেল মেসি। তবে সেবার প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার প্রথমবারের মতো ভারতের বিপক্ষে মাঠে নামতে চলেছে ব্রাজিল, যা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে।

