অগাস্ট মাসের তিন দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত বহু মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির ৩,০০০ টাকা ঢুকেনি। গত মাসে ১ তারিখ থেকেই প্রথম কিস্তির টাকা বিতরণ শুরু হওয়ায় এ মাসেও একই সময়ে টাকা পাওয়ার আশা করেছিলেন উপভোক্তারা। কিন্তু এখনও টাকা না আসায় অনেকের মনেই প্রশ্ন উঠছে, এ মাসের কিস্তির টাকা আদৌ মিলবে তো?
রাজ্য সরকারের পক্ষ থেকে এখনও পর্যন্ত অগাস্ট মাসের টাকা কবে দেওয়া হবে সে বিষয়ে নির্দিষ্ট দিন ঘোষণা করা হয় নি। তবে সরকার আগেই স্পষ্ট জানিয়েছে, যে সমস্ত আবেদনকারী যোগ্য বলে বিবেচিত হবেন, তাঁদের কাউকেই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করা হবে না। আবেদন যাচাই সম্পূর্ণ হওয়ার পর ধাপে ধাপে সকল যোগ্য উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে।
সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনায় এখনও পর্যন্ত প্রায় ১ কোটি ২০ লক্ষ মহিলা আবেদন করেছেন। তাঁদের মধ্যে বিপুল সংখ্যক উপভোক্তা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন। তবে এখনও উল্লেখযোগ্য সংখ্যক আবেদন যাচাইয়ের পর্যায়ে রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর আগে জানিয়েছিলেন, ৩০ অগাস্টের মধ্যে যোগ্য সব আবেদনকারীর যাচাই সম্পূর্ণ করে তাঁদের প্রকল্পের আওতায় আনার লক্ষ্য নিয়েছে সরকার। সেই প্রক্রিয়া শেষ হলে বকেয়া কিস্তির টাকাও সংশ্লিষ্ট উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে।
এখনও পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে দ্বিতীয় কিস্তির টাকা কবে বিতরণ করা হবে বা বিলম্বের কারণ কী, সে বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। ফলে সমাজমাধ্যমে নানা ধরনের দাবি ও জল্পনা ছড়ালেও সেগুলো সব ভুয়ো।
তবে সরকারি সূত্র বা সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি ছাড়া নির্দিষ্ট তারিখ জানানো সম্ভব নয়। সরকার টাকা ছাড়ার সিদ্ধান্ত নিলেই যোগ্য উপভোক্তাদের যাচাইকৃত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাবে।
(এই প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ শুরুর বিষয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।)

