শিয়ালদহের বিখ্যাত রাজুদার পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা। শনিবার সাতসকালে NRS হাসপাতাল সংলগ্ন এলাকার এই জনপ্রিয় খাবারের দোকানে পরিদর্শনে যান খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। দোকানে খাবারের গুণগত মান, রান্নার পরিবেশ এবং খাদ্য সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি খাবারে কৃত্রিম রং বা অন্য কোনও রাসায়নিক উপাদান ব্যবহার করা হচ্ছে কি না, তা জানতেও নমুনা পরীক্ষা করা হয়।
পরিদর্শন শেষে আধিকারিকরা জানান, খাবারে কৃত্রিম রং রয়েছে কি না, তা বোঝার জন্য প্রাথমিকভাবে স্পট টেস্ট করা হয়েছে। সেই পরীক্ষায় কোনও রংয়ের উপস্থিতি পাওয়া যায়নি। তবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে খাবারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে। ল্যাবরেটরির রিপোর্ট হাতে আসার পরই এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব হবে। আধিকারিকদের প্রাথমিক পর্যবেক্ষণ অনুযায়ী, দোকানের খাবারের গুণগত মান মোটামুটি সন্তোষজনক। তাঁদের বক্তব্য, আপাতত খাবার খেলে শারীরিক অসুবিধা হওয়ার মতো কোনও বিষয় নজরে আসেনি। তবে চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।
এদিন দোকানদার রাজুদাকে একাধিক পরামর্শও দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। খাবার তৈরি ও বিক্রির জন্য প্রয়োজনীয় ফুড সেফটি লাইসেন্স বা রেজিস্ট্রেশন করিয়ে নেওয়ার পাশাপাশি ট্রেড লাইসেন্স তৈরি করার কথা বলা হয়েছে। রান্নার ক্ষেত্রে খোলা মশলার পরিবর্তে প্যাকেটজাত মশলা ব্যবহার করার পরামর্শও দিয়েছেন তাঁরা। বিশেষ করে হলুদ-সহ অন্যান্য মশলা নির্দিষ্ট মানের প্যাকেটজাত পণ্য থেকে কেনার কথা বলা হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতার দিকেও বিশেষ নজর দিতে বলা হয়েছে। দোকানে ব্যবহৃত গামছার পরিবর্তে সাদা গামছা রাখার পরামর্শ দিয়েছেন আধিকারিকরা।
অন্যদিকে, এই প্রথম তাঁদের দোকানে খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা পরিদর্শনে এলেন বলে জানিয়েছেন রাজুদা। তাঁর কথায়, এর আগে কেউ তাঁদের এ বিষয়ে কোনও পরামর্শ দেননি। এদিন আধিকারিকদের কাছ থেকে বেশ কিছু নতুন বিষয় জানতে পেরেছেন তাঁরা। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাজুদা জানান, এই পরিদর্শনে তিনি খুশি। কারণ, তাঁদের দোকানে প্রতিদিন বহু মানুষ খাবার খান। তাই খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা বজায় রাখা শুধু দোকানদারদের নয়, ক্রেতাদের স্বাস্থ্যের সঙ্গেও জড়িত। আধিকারিকদের পরামর্শ মেনে আগামী দিনে দোকানের খাবারের মান ও নিরাপত্তা বজায় রাখার বিষয়ে আরও সচেতন থাকবেন বলেও জানান তিনি।
এদিনের পরিদর্শনের পর আপাতত পরীক্ষাগারের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে রাজুদার পকেট পরোটার দোকান।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
