আর কোনো অনুরোধ নয়, এবার সরাসরি অ্যাকশন! শেষ হলো অগস্ট মাসের সচেতনতা প্রচারের ডেডলাইন। ১ সেপ্টেম্বর সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয়ে গেল কড়া নিয়ম এবং আইন অমান্যকারীদের থেকে অন-স্পট জরিমানা আদায়ের প্রক্রিয়া। শহর থেকে জেলা রাস্তাঘাট নোংরা করলেই এবার আর রেহাই নেই। হাতেনাতে ধরা পড়লেই পকেট থেকে খসবে মোটা অঙ্কের টাকা। দিতে হবে ফাইন।
রাজ্যকে আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে গত কয়েক মাস ধরেই সচেতনতা অভিযান চালিয়েছে প্রশাসন। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালও বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষকে রাস্তায় আবর্জনা না ফেলার বার্তা দিয়েছেন। সেই সচেতনতা পর্বের সময়সীমা শেষ হওয়ার পরই আজ থেকে শুরু হয়েছে কড়া পদক্ষেপ।
কোন চার ভুলে জরিমানা?
প্রশাসনের তরফে জানানো হয়েছে, প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেললে ১০০ টাকা জরিমানা দিতে হবে। অন্যদিকে প্রকাশ্যে মল-মূত্র ত্যাগ, যত্রতত্র আবর্জনা ফেলা এবং নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বা বিক্রি করলে ২০০ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে।
এবার থেকে,
১. প্রকাশ্যে থুতু বা পানের পিক ফেলার জন্য ফাইন দিতে হবে— ১০০ টাকা।
২. প্রকাশ্যে মল-মূত্র ত্যাগের জন্য ফাইন দিতে হবে— ২০০ টাকা।
৩. যত্রতত্র আবর্জনা ফেললে ফাইন দিতে হবে— ২০০ টাকা।
৪. প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার বা বিক্রি করলেও দিতে হবে ফাইন— ২০০ টাকা।
জরিমানা আদায়ের ক্ষেত্রেও রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের লক্ষ্য, স্পট ফাইন আদায়ের সময় যাতে কোনও অনিয়মের অভিযোগ না ওঠে। তাই নগদে জরিমানা নেওয়া হবে না। অনুমোদিত আধিকারিকদের মাধ্যমে UPI, কার্ড বা অন্যান্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় জরিমানা জমা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
স্বচ্ছ বাংলা গড়তে শুরু থেকেই বদ্ধপরিকর বিজেপি সরকার। ক্ষমতায় আসার পরই পরিচ্ছন্নতাকে অগ্রাধিকার দিয়ে চালু করেছিল ‘স্বচ্ছ অ্যাপ’। গত ৩০ মে কলকাতায় কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর লাল পশ্চিমবঙ্গের জন্য এই অ্যাপের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ এলাকার জমে থাকা আবর্জনা, নিকাশি সমস্যা বা অন্যান্য পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যার ছবি তুলে সরাসরি প্রশাসনের নজরে আনতে পারবেন। ছবির সঙ্গে জায়গাটির অবস্থানও যুক্ত হবে, ফলে সংশ্লিষ্ট পুর কর্তৃপক্ষ দ্রুত সমস্যার জায়গাটি চিহ্নিত করে ব্যবস্থা নিতে পারবে। প্রথম পর্যায়ে ১০টি পুরসভায় পাইলট প্রকল্প হিসেবে অ্যাপটি চালু করা হয়েছিল।
অ্যাপ চালুর পাশাপাশি তখনই জানানো হয়েছিল, শুধু সচেতনতা নয়, নিয়ম ভাঙলে এবার জরিমানার পথেও হাঁটবে সরকার। আজ, ১ সেপ্টেম্বর থেকে সেই কড়া ব্যবস্থা কার্যকর হয়েছে। রাস্তায় যত্রতত্র আবর্জনা ফেলা, প্রকাশ্যে থুতু ফেলা, মল-মূত্র ত্যাগ কিংবা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে দিতে হবে জরিমানা।

