বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানোর অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা অতনু দাস জামিন পেলেন। একই মামলায় কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদেরও জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। সোমবার আদালতের এই নির্দেশের পর স্বস্তিতে কংগ্রেস শিবির। আদালত চত্বরেই দলের নেতাদের দাবি, ‘সত্যের জয়’ হয়েছে।
ঘটনার সূত্রপাত দুর্গাপুজোয় আমিষ খাওয়া নিয়ে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর মন্তব্যকে কেন্দ্র করে। তাঁর মন্তব্যের প্রতিবাদে কলকাতায় বিক্ষোভে নামে কংগ্রেস। ভবানীপুর থানার সামনে সেই বিক্ষোভ চলাকালীন বাগেশ্বর বাবার ছবি পোড়ানোর অভিযোগ ওঠে। ওই ঘটনায় দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক অতনু দাসকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারের পর তাঁকে আদালতে তোলা হলে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হেফাজত পর্ব শেষ হওয়ার পর সোমবার ফের আলিপুর আদালতে তোলা হয় অতনুকে। শুনানিতে তাঁর জামিনের আবেদন মঞ্জুর করে আদালত। একই মামলায় আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদের জামিনও মঞ্জুর হয়েছে।
এর আগে রবিবার ভবানীপুর থানায় হাজিরা দিতে গিয়েছিলেন আশুতোষ ও প্রদীপ। প্রায় দেড় ঘণ্টা তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়। থানা থেকে বেরনোর সময় বাইরে জমায়েতকে ঘিরে উত্তেজনা তৈরি হয়। এক পক্ষ স্লোগান দিলে পাল্টা স্লোগান দিতে দেখা যায় কংগ্রেস কর্মীদেরও।
থানা থেকে বেরিয়ে কংগ্রেস নেতারা অবশ্য দাবি করেন, তাঁরা শুধুমাত্র বিক্ষোভে অংশ নিয়েছিলেন। তাঁদের বক্তব্য, বিক্ষোভ যখন শেষের দিকে, তখন একটি সংবাদমাধ্যমের প্রতিনিধিরা ফুটেজ চাওয়ায় কয়েক জন কর্মী ফের অন্য দিকে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানেই ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রীর ছবি পোড়ানো হয় বলে তাঁদের দাবি। তবে সেই ছবি পোড়ানোর ঘটনায় তাঁরা ছিলেন না বলেই দাবি করেছেন আশুতোষ ও প্রদীপ।
অন্যদিকে, বিজেপির তরফে কংগ্রেসের এই বক্তব্য নিয়ে কটাক্ষ করা হয়েছে। বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারির দাবি, সংবাদমাধ্যমে মুখ দেখানোর জন্যই কংগ্রেস এমন কাজ করেছে। তাঁর অভিযোগ, সনাতন সাধুর ছবি পোড়াতেও কংগ্রেস পিছপা হয়নি।
মামলায় পুলিশের তরফে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করার কথা জানানো হয়েছিল। অন্যদিকে কংগ্রেসের আইনজীবীর দাবি ছিল, প্রতিবাদ জানানো ও মতপ্রকাশ করা নাগরিকের সাংবিধানিক অধিকার। সেই প্রেক্ষাপটে গ্রেফতারি নিয়েও প্রশ্ন তোলা হয়।
শেষ পর্যন্ত সোমবার আদালত অতনু দাসের জামিন মঞ্জুর করে। একইসঙ্গে আশুতোষ চট্টোপাধ্যায় ও প্রদীপ প্রসাদেরও জামিন হওয়ায় আপাতত এই মামলায় স্বস্তি পেল কংগ্রেস। আদালতের নির্দেশকে সামনে রেখে দলের নেতাদের বক্তব্য, ‘সত্যের জয়’ হয়েছে।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
