শ্রীরামপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যোগ দিতে যাওয়ার পথে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগ উঠল। শনিবার উত্তরপাড়ার সখের বাজার এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে পাথর, ইট ও ডিম ছোড়া হয় বলে অভিযোগ করেছেন কুণাল। তাঁর দাবি, লোহার রড ও শাবল দিয়েও গাড়ির কাচ ভাঙার চেষ্টা করা হয়।
কুণাল জানিয়েছেন, হামলার সময় গাড়ির ভিতরেই ছিলেন তিনি। তাঁকে লক্ষ্য করেও পাথর ছোড়া হয় বলে তাঁর অভিযোগ। গাড়ির সামনের, পাশের এবং পিছনের একাধিক কাচ ভেঙে যায়। ভাঙা কাচ তাঁর শরীরেও লাগে বলে জানিয়েছেন তিনি। কাঁধে আঘাত লেগেছে বলেও দাবি করেছেন কুণাল।
কুণালের অভিযোগ, হামলাকারীরা তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় যেতে নিষেধ করছিলেন। তাঁর দাবি, হামলার সময় ‘গো ব্যাক’ স্লোগানও দেওয়া হয়। এই ঘটনার পর তিনি আর শ্রীরামপুরের দিকে এগোতে পারেননি। ভাঙা গাড়ি নিয়েই কলকাতার দিকে ফিরে যান।
এর পর সরাসরি ভবানী ভবনে যান কুণাল। তাঁর বক্তব্য, ঘটনার বিষয়টি রাজ্য পুলিশের আধিকারিকদের জানাতেই তিনি সেখানে গিয়েছিলেন। তবে ভবানী ভবনের ভিতরে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।
প্রথমে গাড়ি নিয়ে ভিতরে ঢোকার অনুমতি না থাকায় কুণাল গাড়ি থেকে নেমে একাই ভবানী ভবনে ঢোকার চেষ্টা করেন। তখনও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁর বচসাও হয়। কুণালের দাবি, তাঁকে বলা হয়, উপরতলা থেকে অনুমতি না থাকায় তিনি ভিতরে ঢুকতে পারবেন না।
ঘটনার পর কুণাল উত্তরপাড়া থানায় ই-মেলের মাধ্যমে অভিযোগ জানিয়েছেন বলে জানান। রাজ্য পুলিশের ডিজিকেও বিষয়টি জানানো হয়েছে বলে তাঁর দাবি। হামলার সময় এলাকায় পুলিশ থাকা সত্ত্বেও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘটনার নিন্দা করে অভিযোগ করেছেন, বিজেপির লোকজনই এই হামলার সঙ্গে যুক্ত। তাঁর দাবি, তৃণমূল কর্মীদের মমতার সভায় আসা আটকানোর চেষ্টা করা হচ্ছে।
অন্যদিকে বিজেপির পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। বিজেপির নেতাদের দাবি, ঘটনার সঙ্গে দলের কোনও যোগ নেই। তাঁদের বক্তব্য, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব থেকেই এই ঘটনা ঘটতে পারে।
শনিবার বিকেলেই শ্রীরামপুর কোর্টের মাঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভার আগে কুণাল ঘোষের গাড়িতে হামলার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে হামলার ঘটনায় কারা জড়িত, তা এখনও তদন্ত করে স্পষ্ট করা হয়নি।
প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
