রাজ্য পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল করল রাজ্য সরকার। কলকাতা পুলিশ, রাজ্য গোয়েন্দা দফতর, সিআইডি, সাইবার শাখা-সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় একসঙ্গে ২৩ জন আইপিএস ও ডব্লিউবিপিএস আধিকারিককে বদলি করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সরকারি বিজ্ঞপ্তিতে বদলিগুলিকে জনস্বার্থে করা হয়েছে বলে উল্লেখ রয়েছে।
রদবদলের ক্ষেত্রে কলকাতা পুলিশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন করা হয়েছে। এত দিন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার পদে থাকা দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের আইজি করা হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুলিশের নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। তিনি এর আগে রাজ্য পুলিশের এসটিএফ-এর আইজি পদে ছিলেন।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকেও বদলি করা হয়েছে। তাঁকে রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইজি করা হয়েছে। তাঁর জায়গায় কলকাতা পুলিশের নতুন যুগ্ম কমিশনার (ট্রাফিক) হচ্ছেন আইপিএস ভোলানাথ পাণ্ডে।
নিরাপত্তা বিভাগেও বদল এসেছে। রাজ্য পুলিশের ডিআইজি (সিকিউরিটি) সুখেন্দু হীরাকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সিকিউরিটি) পদে আনা হয়েছে। অন্যদিকে, ডব্লিউবিপিএইচআইডিসিএলের ডিআইজি দেবর্ষি দত্তকে বিধাননগর পুলিশ কমিশনারেটের যুগ্ম কমিশনার করা হয়েছে।
কলকাতা পুলিশের গোয়েন্দা এবং সাইবার শাখাতেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের ডিসি স্পর্শা নীলাঙ্গিকে কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডিসি করা হয়েছে। সশস্ত্র পুলিশবাহিনীতে থাকা আইপিএস সৌম্যদীপ ভট্টাচার্যকে কলকাতা পুলিশের সাইবার শাখার ডিসি পদে পাঠানো হয়েছে।
বিধাননগর পুলিশ কমিশনারেটেও গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে। আইপিএস কাজি সামসুদ্দিন আহমেদকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের নতুন ডিসি করা হয়েছে। অন্যদিকে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নতুন ডিসি হচ্ছেন আইপিএস কুন্তল বন্দ্যোপাধ্যায়।
সিআইডিতেও একাধিক আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আইপিএস নীমা নরবু ভুটিয়াকে সিআইডির এসএস পদে পাঠানো হয়েছে। ধৃতিমান সরকারকে মালদহে সিআইডির এসএস পদে বদলি করা হয়েছে। পাশাপাশি, আইপিএস আরিশ বিলালকেও সিআইডির পুলিশ সুপার পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া, আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তীকে এসসিআরবির আইজিপি পদে পাঠানো হয়েছে।
জেলা পুলিশেও বদলি হয়েছে একাধিক ডব্লিউবিপিএস আধিকারিকের। দার্জিলিঙের অতিরিক্ত পুলিশ সুপার কৌস্তুভদীপ্তা আচার্যকে আলিপুরদুয়ারের জয়গাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার করা হয়েছে। কালিম্পঙে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন পূর্ণিমা শেরপা। বীরভূমে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিচ্ছেন অভিষেক রায়।
এ ছাড়া মাথাভাঙার নতুন অতিরিক্ত পুলিশ সুপার হচ্ছেন মানবেন্দ্র দাস। মালদহ গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ করা হয়েছে কুণাল বর্ণাবাসকে। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট আধিকারিকরা যে দিন নতুন পদে দায়িত্ব নেবেন, সেই দিন থেকেই তাঁদের বদলি ও নতুন দায়িত্ব কার্যকর হবে।


প্রিমিয়াম PVC কার্ড অর্ডার করুন
ওয়াটারপ্রুফ • টেকসই • ফাস্ট ডেলিভারি
💬 WhatsApp এ ক্লিক করুন
